ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন মানেই সাধারণত চোখধাঁধানো জমকালো আয়োজন ও বাহারি থিমের জাঁকজমক সন্ধ্যা। তবে সময়ের আবর্তে পরিবর্তন এসেছে অভিনেত্রীর এই বিশেষ দিনটি উদযাপনের ধারায়। রাজকীয় জৌলুশের বদলে এবার শরতের শিউলি ফুলের শুভ্রতা ও স্নিগ্ধতায় নিজের জন্মদিন বরণ করে নিয়েছেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘শিউলি সন্ধ্যা’।
শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর একটি ভেন্যুতে কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে ভালোবাসায় ঘেরা এক সন্ধ্যার আয়োজন করা হয়।
অক্টোবর মাসের ফুল হিসেবে পরীমনির প্রথমেই মাথায় আসে শিউলির কথা। আর সেই ভাবনা থেকেই জন্মদিনের সাজসজ্জায় শিউলিকে প্রাধান্য দেওয়ার পরিকল্পনা করেন তিনি। তবে ক্ষণস্থায়ী এই ফুল সংগ্রহ করা একেবারেই সহজ ছিল না।
অভিজ্ঞতার কথা জানিয়ে পরীমনি বলেন, “শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না।”
পরীমনিকে অবাক করে দিয়ে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে এক ভক্ত শিউলি ফুল পাঠিয়ে দেন। তবে সেই ফুল পুরোপুরি ব্যবহার করা সম্ভব না হওয়ায় তা আয়োজনস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়। পরীমনির ইচ্ছা ছিল পুরো ভেন্যু শিউলি ফুলের বাগানের মতো সাজানোর। কিন্তু বাস্তবতার কারণে তা সম্ভব না হওয়ায় নিজেই শিউলি ফুলের নকশা করা শাড়ি পরে হাজির হন তিনি।
নিজের লুক নিয়ে পরীমনি রসিকতা করে বলেন, “আমি চেয়েছিলাম পুরোটাই শিউলি ফুলের বাগান করে ফেলতে। কিন্তু সেটা তো সম্ভব না। তাই নিজেই একটু শিউলি ফুলের মতো সাজলাম।”
জন্মদিনের স্নিগ্ধ এই সন্ধ্যায় উপস্থিতদের জন্য এক নতুন চমক উপহার দেন পরীমনি। অভিনেত্রী প্রকাশ করেন তাঁর নতুন সিনেমা ‘ফারজান’-এর ঘোষণা। তারেক রহমানের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটিতে দর্শকেরা নতুন এক পরীমনিকে দেখতে পাবেন।
নতুন সিনেমা প্রসঙ্গে পরীমনি জানান, “জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।”
তিনি আরও যোগ করেন, “আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব। আপনারা শিগগিরই বিস্তারিত জানতে পারবেন।”
ছবিটি নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করে পরিচালক তারেক রহমান বলেন, “আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।”
একসময় উৎসবমুখর বড় আয়োজনে জন্মদিন পালন করা হলেও ২০২৩ সালে প্রিয় নানা শামসুল হক গাজীকে হারানোর পর পরীমনির জীবনে বড় ধরনের মানসিক পরিবর্তন আসে। এখন আড়ম্বরপূর্ণ জৌলুশের চেয়ে পরিজনদের সঙ্গে শান্তভাবে সময় কাটানোকেই বেশি প্রাধান্য দেন তিনি।
এবারের জন্মদিনের প্রথম প্রহরও দুই সন্তান পুণ্য ও প্রিয়মের ভালোবাসায় কাটিয়েছেন অভিনেত্রী। ভক্তদের অফুরন্ত শুভেচ্ছা, সহকর্মীদের ভালোবাসা আর সন্তান ও প্রিয়জনদের স্নিগ্ধতায় এবার জীবনের নতুন একটি বছর শুরু করলেন ঢাকাই সিনেমার এই জনপ্রিয় তারকা।
পড়ুন : বাসে বাসে চিঠি দিয়ে প্রচার, এই সিনেমার আয় এখন ১১৪ কোটি
সা/


