সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি ও বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগের কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় পূর্ব সতর্কতা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ওয়েবসাইট বন্ধ থাকলেও ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ছিল। ফলে এই তিন দিন গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ওয়েবসাইটটি পুনরায় চালু হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া মারাত্মক উদ্বেগের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে (PHP—হাইপারটেক্সট প্রিপ্রসেসর) দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়। অনলাইন শপ, উইকিপিডিয়া ও ওয়ার্ডপ্রেসের মতো বিশ্বের অধিকাংশ ওয়েবসাইটের মূল ভিত্তি হলো এই পিএইচপি প্ল্যাটফর্ম।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় ‘ক্যালিফ’ ও ‘উইজ’ নামের দুটি সাইবার সিকিউরিটি ফার্ম পিএইচপিতে এই প্রযুক্তিগত ত্রুটিগুলো আবিষ্কার করে। গরিলা সাইবার সিকিউরিটির প্রধান নির্বাহী পল স্পেন সতর্ক করে জানান, এআই-এর সহায়তায় আক্রমণকারীরা প্রমাণীকরণ ছাড়াই সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে বা সংবেদনশীল তথ্য চুরি করতে পারে। ওপেনএআই এই আবিষ্কারকে “সাম্প্রতিক কালের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সমস্যা” হিসেবে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক সুপারিশের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই ও আপডেট করতে এমন সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে অফলাইনে রেখে নিরাপত্তা আপডেট সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের সংরক্ষিত বৈদেশিক রিজার্ভ থেকে হ্যাকাররা সুকৌশলে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি করে নিয়ে যায়। দেশের আর্থিক খাতের ইতিহাসে সেই আলোচিত সাইবার চুরির ঘটনার পর থেকেই কেন্দ্রীয় ব্যাংকসহ পুরো ব্যাংক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা ও কড়াকড়ি বজায় রাখা হয়ে থাকে।
পড়ুন : দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালিদ বিমানবন্দর
সা/


