আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় সাপেক্ষে বহুল প্রত্যাশিত ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এটিকে বর্তমান সরকারের একটি ‘মাস্টারমাইন্ড প্রকল্প’ ও ‘কঠিন চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় এক তৃতীয়াংশ মানুষ অর্থাৎ প্রায় ৭ কোটি জনগোষ্ঠী সরাসরি এর সুফল পাবে। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্প নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।”
পদ্মা ব্যারেজের বহুমুখী সুবিধার কথা তুলে ধরে পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমে এই অঞ্চলের পানির তীব্র অভাব দূর হবে। পাশাপাশি কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি, জলবিদ্যুৎ উৎপাদন, উন্নত নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, মৎস্য উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. শামসুল রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশ্রাফ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন : ফতুল্লায় চুরির অভিযোগে মারধর, পরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


