নারায়ণগঞ্জে জুলাই হত্যাকাণ্ড ও সোনারগাঁয়ের চরহোগলায় কৃষক রাজু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (২৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাইয়ে ছাত্র হত্যার মামলা ও কৃষক রাজু হত্যাসহ একাধিক হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে অভিযুক্ত শাহাদাৎ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে। তাই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে জুলাই হত্যাকাণ্ড ও কৃষক রাজু হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত শাহাদাৎ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পড়ুন : ধামরাইয়ে রিকশা ভাড়ার নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে মানুষ


