গাজীপুরের কালিয়াকৈরে দেশব্যাপী চলমান ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জরিপের সময় কোনো প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার যেন বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় তদারকি করা হবে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে তথ্য সংগ্রহকারীরা যেন যথাযথ প্রশাসনিক সহযোগিতা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্যে কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং মাঠপর্যায়ের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, মেয়র প্রার্থী দেওয়ান জসীমউদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে নিয়োজিত সুপারভাইজার ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং কর্মসূচির সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন : মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের


