ব্রাহ্মণবাড়িয়ায় একটি হারানো মোবাইল ফোনের জিডির সূত্র ধরে আলেয়া বেগম (৪০) নামে চোরাই পণ্য ক্রেতা চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার রামরাইল ইউপির উলচাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আলেয়া বেগম ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।
এসময় তার কাছ থেকে ১৪টি এন্ড্রয়েড মোবাইল, ১০টি বাটন মোবাইল, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, ৫টি ঘড়ি ও ৪টি পাওয়ার ব্যাংক উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, কয়েকদিন আগে একটি মোবাইল ফোন হারানোর থানায় সাধারণ ডায়েরি করেছিল এক ব্যক্তি। সেই মোবাইল ফোন খোঁজে বের করতে তদন্তে প্রযুক্তি মাধ্যমে লোকেশন দেখা যায় উপচাপাড়ায় এক বাড়িতে। খোঁজ নিয়ে জানা যায় বাড়িটি খায়েশ মিয়া নামক এক ব্যক্তির। সে চোরাই মোবাইল ফোন সহ নানান পণ্য ক্রয় বিক্রয় করে থাকেন। এর সাথে তার স্ত্রীও জড়িত। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে ১৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন , ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, ৫টি ঘড়ি ও ৪টি পাওয়ার ব্যাংক পাওয়া যায়। এসময় খায়েশ মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলেয়া বেগম পালাতে পারেনি। তাকে পুলিশ চোরাই পণ্য ক্রয় বিক্রয়ের অভিযোগে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
গ্রেপ্তার হওয়া আলেয়া বেগম জানান, চোর, ছিনতাই ও মাদকাসক্তদের কাছ থেকে তারা কম দামে মোবাইল সহ বিভিন্ন পণ্য ক্রয় করতেন। পরে লাভ পেলে বিক্রয় করে দিতেন। এরমধ্যে কিছু পণ্য তাদের কাছে টাকার বিনিময়ে বন্ধক দেওয়া যেত।
পড়ুন : মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের


