উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বিগত ১২ ঘণ্টায় তীব্র শক্তি অর্জন করে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়। আশঙ্কা করা হচ্ছে, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি আরও মারাত্মক রূপ ধারণ করে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্যানুযায়ী, এই ঘূর্ণিঝড়ের দমকা বাতাসের গতিবেগ ইতোমধ্যে ঘণ্টায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। ঝড়টির প্রভাবে চারপাশে গড়ে ৩৮ ফুট উঁচু ঢেউ তৈরি হচ্ছে এবং কেন্দ্রের সর্বনিম্ন বায়ুচাপ রেকর্ড হয়েছে ৯৪৭ মিলিবার।
উপগ্রহ নাসার জিপিএম ও জাপানের হিমাওয়ারি-৯-এর চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার দুপুর ৩টায় ঝড়টি ১৬ দশমিক ২ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৩ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল, যা কলকাতা বন্দর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। বর্তমানে ঝড়টি ঘণ্টায় ২৪ কিলোমিটার গতিতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
পূর্বাভাস দেওয়া হয়েছে যে, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার সকাল ৯টার মধ্যে ঘূর্ণিঝড়টি অত্যন্ত প্রবল রূপ নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বন্দরের দক্ষিণ উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। সে সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬৬ থেকে ২২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, কোনো ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার অতিক্রম করলে তা সুপার সাইক্লোন হিসেবে গণ্য হয়।
বাংলাদেশে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
এদিকে, শক্তিশালী এই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাংলাদেশে টানা ৫ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে:
মঙ্গলবার (২৭ অক্টোবর): চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বুধবার (২৮ অক্টোবর): রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর): রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্য বিভাগগুলোর দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার ও শনিবার (৩০ ও ৩১ অক্টোবর): রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ
সা/


