স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম বাড়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট সোনার ভরি দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ক্যাটাগরি অনুযায়ী সোনার নতুন দর (ভ্যাটসহ):
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা (২,২১৬ টাকা বৃদ্ধি)।
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা (২,১০০ টাকা বৃদ্ধি)।
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা (১,৭৫০ টাকা বৃদ্ধি)।
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা (১,৪৫৮ টাকা বৃদ্ধি)।
স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে বলে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, অলঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার পরিবর্তনের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরান সোনা কেনার (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে উভয় ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে টানা চার দফা কমার পর গত ২৫ অক্টোবর সকালে সোনার দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে মোট ১২৭ বার সোনা-রুপার দাম সমন্বয় করা হয়েছে। যার মধ্যে ৬১ দফা বাড়ানো হয়েছে, ৬৫ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ে এবং ২৯ বার কমে। উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেট সোনার ভরি ইতিহাসের সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় পৌঁছে রেকর্ড সৃষ্টি করেছিল।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম:
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।
পড়ুন : রমজানে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান বাণিজ্যমন্ত্রীর
সা/


