৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ প্রদানের লক্ষ্যে দিনাজপুরের একটি বিশিষ্ট সমবায় সমিতির কার্যক্রম পরিদর্শন করেছে সরকারের উচ্চপর্যায়ের একটি পরিদর্শন টিম।
বুধবার (২৮অক্টোবর-২০২৬) দিনাজপুর সদরের উত্তর ফরিদপুর এলাকার বিশিষ্ট সমবায় প্রতিষ্ঠান ‘ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর মাঠপর্যায়ের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন রহিমা আক্তার, উপসচিব (প্রশাসন ও বাজেট), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। মো. আবদুর রহিম, সহকারী সচিব (বাজেট শাখা-১), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। তানিয়া আক্তার, উপনিবন্ধক (গবেষণা), সমবায় অধিদপ্তর। হরেকৃষ্ণ বর্মন, জেলা সমবায় অফিসার, দিনাজপুর। মো. জয়নাল আবেদীন, উপজেলা সমবায় কর্মকর্তা, দিনাজপুর সদর, দিনাজপুর।
পরিদর্শনকালে সমবায় সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসান হাবীব, সাধারণ সম্পাদক মো. খাইরুল আলম, ম্যানেজার মো. গোলাম কিবরিয়া সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যবৃন্দ।
পরিদর্শনকারী দল সমিতির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, হিসাব খাতা ও সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


