ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামে কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে বলেন, পল্টন ময়দানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ হত্যাকাণ্ড চালিয়েছে। তাঁর দাবি, এসব ঘটনায় জামায়াত-শিবিরের সাতজনসহ সারা দেশে অন্তত ৫৪ জন নিহত হন। তিনি এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সেক্রেটারি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাই এবং কুড়িগ্রাম শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ রফিকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জামায়াত ও ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতারা ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে হত্যাকাণ্ডের বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
পড়ুন : ভেদরগঞ্জে ট্রলার বোঝাই ৫ মণ মা ইলিশ জব্দ


