হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা। যাত্রীরা জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে এসব স্বর্ণ লুকিয়ে এনেছিলেন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের ফ্লাইট ইকে ৫৮৬ বিমানবন্দরে পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি শুরু করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা।
কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম, হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
আটক দুই যাত্রীর নাম চেন লিউন ও মো শিয়াওইউ।
উদ্ধার করা স্বর্ণের পেস্টের ভেজা অবস্থায় মোট ওজন ১২ কেজি। প্রাথমিক বিশুদ্ধতা পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


