দুবলার চরে শুটকি আহরণের উদ্দেশ্যে যাওয়ার সময় পশুর নদে পড়ে মেহেদী হাসান (২২) নামের এক তরুণ জেলে নিখোঁজ হয়েছেন। ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ভোরে মোংলার সিন্দুরতলা খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মেহেদী হাসান বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন গোবিন্দপুর এলাকার মো. শফিউল শেখের ছেলে। তিনি তিন বোনের একমাত্র ভাই।
বন বিভাগ, স্থানীয় ও স্বজনরা জানায়, ৫ মাসের শুটকি মৌসুমের জন্য ৫০ হাজার টাকা চুক্তিতে এক মহাজনের সাথে মাছ আহরণের উদ্দেশ্যে দুবলার চরের দিকে যাচ্ছিলেন মেহেদী। ভোরে সিন্দুরতলা খাল এলাকায় ২০ থেকে ২৫টি মাছ ধরার ট্রলারের একটি বহর নোঙর করে অবস্থান করছিল।
বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে বহরের ট্রলারগুলো ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় মেহেদী হাসান ট্রলার থেকে উঠে পাশে এসে দাঁড়ালে হঠাৎ পা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পশুর নদে পড়ে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। পরে তারা দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের মোংলা ও খুলনার ডুবুরি দল, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দিনভর উদ্ধার অভিযান চালান। তবে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। এ ঘটনায় স্থানীয়ভাবে নদীতে মাইকিং করা হয়েছে।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬
সা/


