সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বাজারজাত করার দায়ে রিভার ফুডস নামে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে কারখানাটিতে অভিযান চালিয়ে জরিমানা করেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ ছাড়া মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খোলা লবণ ব্যবহার, বিএসটিআইয়ের ছাড়পত্র না থাকা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধিমালা অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানাটির মালিক মো. আব্দুল আলীমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে কয়েকটি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১৮৮৬
সা/


