ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের কিনারায় পড়ে গেছে সেবা লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ধামরাইয়ের জয়পুরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদের কিনারায় গিয়ে পড়ে। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা বিপাকে পড়েন। কয়েকজন বাসের ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দুপুর ১টায় দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। মাত্র ছয় মিনিটের মধ্যে দুপুর ১টা ৬ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় চার কিলোমিটার।
প্রাথমিক দুর্ঘটনা প্রতিবেদনে কোনো নিহত বা আহতের তথ্য উল্লেখ করা হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-১৪৫৬।
দুর্ঘটনার পর মহাসড়কের পাশে বাসটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে এগিয়ে আসেন।
পড়ুন : শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ
সা/


