নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও ইউপি সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি নিজাম উদ্দিনকে শুক্রবার সন্ধ্যায় রামচরণ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। এ সময় তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরলে সেই সুযোগে তিনি পালিয়ে যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজনরা পুলিশকে ঘিরে ধরেন। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : দুর্গাপুর সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, গ্রেফতার ৫


