সীমান্তবর্তী জনপদ নেত্রকোনার দুর্গাপুরে অনেক সময়ই অবৈধপথে আসা ভোগ্যপণ্যের কারবার চলে নীরবে। তেমনই এক ঘটনায় পৌরশহরের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এক লক্ষ সতেরো হাজার তিনশত টাকা মূল্যের বিপুল পরিমাণ প্রসাধনী ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেশওয়ালি পাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় প্রিয়ম সাহা নামের এক তরুণকে আটক করা হয়েছে।
আটককৃত প্রিয়ম সাহা ওই এলাকার প্রদীপ সাহা ও ঝুমুর সাহা দম্পতির সন্তান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ওই তরুণ একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থীর বসতঘর থেকে এমন বাণিজ্যিক পরিমাণের পণ্য উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দেশওয়ালি পাড়ায় প্রিয়ম সাহার বসতবাড়িতে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ। এ সময় তার বসতঘরের উত্তর পাশের একটি কক্ষ তল্লাশি করে মজুদ রাখা বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে পাঁচশো কেজি ফুচকা, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা (প্রতি কেজি একশো টাকা দরে)। এছাড়া প্রসাধনীর মধ্যে রয়েছে এক হাজার আটশো পিস হারমনি সাবান, প্রতি পিস ২০ টাকা হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা। শীতের আগমনী সময়ে চাহিদা সম্পন্ন একশো মিলিলিটারের ১৯০টি অলিভ অয়েল (প্রতিটি ৯০ টাকা দরে ১৭ হাজার একশো টাকা) এবং তিনশো মিলিলিটারের ৪০টি অলিভ অয়েল (প্রতিটি ২৩০ টাকা দরে নয় হাজার দুইশো টাকা) জব্দ করা হয়। পাশাপাশি প্রতি কেজি পাঁচশো টাকা দরে পাঁচ হাজার টাকা মূল্যের ১০ কেজি জিরাও উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ সতেরো হাজার তিনশো টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়েছে এবং জড়িত একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। জব্দকৃত মালামালের উৎস ও এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।
পড়ুন : এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
সা/


