চট্টগ্রামের পটিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে যুবদলের দুই কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।
এতে সৈয়দ নূর ও সৈয়দ আমিন নামে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে সৈয়দ আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা মো. মহসিন নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রতনপুর মৌলভী বাজারের পূর্ব-দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব রতনপুর মৌলভী বাজার এলাকায় মো. মহসিন ও তাঁর সহযোগী আবু তাহের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে ওয়ার্ড যুবদলের কর্মী সৈয়দ নূরের ওপর টর্চলাইট দিয়ে অতর্কিত হামলা চালান মহসিন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে সৈয়দ আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন মহসিনের সহযোগী আবু তাহের বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় ক্ষুব্ধ জনতা মহসিনকে আটক করে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
যুবদল কর্মী সৈয়দ নূর জানান, দীর্ঘদিন ধরে মহসিন ও তাঁর সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁরা এতে বাধা দেওয়ায় শুক্রবার রাতে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এদিকে, গুরুতর আহত সৈয়দ আমিন রাত ১২টার পর হাতে স্যালাইন লাগানো অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় করে পটিয়া থানায় আসেন। তিনি জানান, পটিয়া হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার বিচার চাইতে এবং নিজের শারীরিক অবস্থা ও আঘাতের চিহ্ন দেখাতে মধ্যরাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে এসেছেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দীন জানান, মহসিন ও আবু তাহেরের মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সৈয়দ নূর ও সৈয়দ আমিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
পটিয়া যুবদলের সংগঠক মো. সাখাওয়াত জানান, আহত সৈয়দ নূর ও সৈয়দ আমিন দুজনই যুবদলের কর্মী। মাদক কারবারিরা তাঁদের মারাত্মকভাবে জখম করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তাঁরা আশা করছেন, প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল-আমিন জানান, শুক্রবার রাতে মাদক উদ্ধারের খবর পেয়ে পুলিশ কেলিশহর পূর্ব রতনপুর মৌলভী বাজার এলাকায় গেলেও সেখানে কোনো মাদক পাওয়া যায়নি। তবে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। গণধোলাইয়ের শিকার মহসিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সা/


