কুয়েতের মুতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর এক বাংলাদেশি প্রবাসী নিজে গিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন।
গত শনিবার ৪৭ বছর বয়সি ওই প্রবাসী অত্যন্ত আতঙ্কিত অবস্থায় শার্ক থানার ডিউটি অফিসারের কাছে যান। এ সময় তিনি মুতলা এলাকায় এক ইয়েমেনি নাগরিককে খুন করেছেন বলে স্বীকার করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন প্রবাসী জানান, নিহত ইয়েমেনি নাগরিক তার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ইয়েমেনিকে আক্রমণ করেন এবং গলা কেটে হত্যা করেন বলে স্বীকারোক্তিতে উল্লেখ করেন।
খুনের খবর পাওয়ার পর কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত মুতলা সিটির নির্দিষ্ট প্রপার্টি বা ঘটনাস্থল ঘিরে ফেলে। এরপর পাবলিক প্রসিকিউশনের প্রতিনিধি, ক্রাইম ইনভেস্টিগেটর এবং ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে গলা কাটা অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত প্রবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ড ও তদন্তের অগ্রগতি সম্পর্কে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।
পড়ুন : ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারলো বাংলাদেশ
সা/


