সময়ের সাথে সমৃদ্ধির পথে, চলো হাঁটি একসাথে এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা করেছেন বিএনপি নেতা মো. বখতিয়ার ফিরোজ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে খোকশাবাড়ী ইউনিয়নের আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা, খলিশাকুড়া মাঠে ইউনিয়নের হাজারো নারী-পুরুষ, যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার ফিরোজ বলেন, বিগত ফ্যাসিস্ট সময়ে খোকশাবাড়ী ইউনিয়ন সকল ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। আমি এই ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ মুক্ত একটি আধুনিক আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে চাই।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসা, কবরস্থান ও মন্দিরের উন্নয়নে কাজ করবো। জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার নিয়েই আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার দল বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, জনগণের ভালোবাসায় আমার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
স্থানীয় বিএনপি নেতা মোবারক হোসেন মকরুম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মশিউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল রানা, জাসাস নেতা মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট নিয়ে দুই তরুণের হাতাহাতি থেকে সংঘর্ষ


