নারায়ণগঞ্জের বন্দরে ভাড়া বাসার একটি কক্ষ থেকে সাবিকুন্নাহার (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নাসিকের ২২ নম্বর ওয়ার্ডের বন্দর লেজারার্স এলাকার ২ নম্বর গলির ইসমাইলের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবিকুন্নাহার কুমিল্লার মেঘনা থানার বাহুরখোলা এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী প্রবাসে থাকায় বড় বোনের সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান সাবিকুন্নাহার। এরপর থেকে তাঁর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। শনিবার দুপুর ১টার দিকে তাঁর বড় বোন সুলতানা (২১) ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সাবিকুন্নাহারকে ঝুলতে দেখেন।
জানা গেছে, প্রায় দুই বছর আগে কুমিল্লার মেঘনা থানার বড়কান্দা এলাকার মো. সুজনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁর স্বামী বর্তমানে দুবাই প্রবাসী। পারিবারিক সূত্রে আরও জানা যায়, সাবিকুন্নাহারের দুটি কিডনি নষ্ট ছিল এবং তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
খবর পেয়ে বন্দর ফাঁড়ির এসআই মনোয়ার হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হই এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পরে জানা যাবে।
পড়ুন : দিনাজপুর নবরূপীর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন


