গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধ ও কঠোরহস্তে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা পালনের জোর দাবি জানান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এসএম ইব্রাহিম আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন হাসান খাজা ও মিঠু ভুঁইয়া, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জাহিদ হাসান জীবন, উদাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব নাজিমুল ইসলাম নয়ন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, শিক্ষক নাজিম উদ্দীন, আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা এনামুল হক, হাসান আলী এবং খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে মাদক সরবরাহ ও বিক্রির উৎস চিরতরে বন্ধ করতে হবে।
তাঁরা আরও বলেন, কেবল বিচ্ছিন্ন অভিযান চালালেই চলবে না; মাদক নির্মূলে নিয়মিত নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
পড়ুন : টাঙ্গাইলে সেই মেধাবী শিক্ষার্থী নিহত রাকিবুল পেল জিপিএ-৫


