ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নে রাস্তা প্রশস্ত করার অজুহাতে সরকারি রাস্তার পাশের গাছ কেটে মুরগির খামার নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল হাসান কাঞ্চনের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, রায়চাঁদ বাজার থেকে কর্তারহাট বাজার পর্যন্ত সড়কের দুই পাশের মেহগনি, রেইন্ট্রি ও চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে স্থানীয় হাফিজ উদ্দিন বাজার এলাকায় অবস্থিত তাঁর মুরগির খামারে ব্যবহার করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কর্তারহাট এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকাশ্যে দিনের আলোতে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো নজরদারি দেখা যায়নি। তাঁদের দাবি, সরকারি সম্পদ এভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলে তা শুধু আইন লঙ্ঘনই নয়, পরিবেশের জন্যও ক্ষতিকর। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান তাঁরা।
এদিকে, সরকারি গাছ কাটার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, জনবহুল সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়ার ঘটনা প্রশাসনের নজরে না আসা উদ্বেগজনক।
অভিযোগের বিষয়ে খায়রুল হাসান কাঞন বলেন,গাছ কাটার সাথে আমি জড়িত নয়। আমি খামার করেছি ৬মাস আগে,অথচ গাছ কাটা হয়েছে ১৫/২০ দিন আগে।তাহলে গাছ কেটে খামার নির্মাণ করলাম কিভাবে?
সচেতন মহল গাছ কাটার সাথে জড়িতদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পড়ুন : কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর


