‎পটিয়ায় মামলাধীন জমিতে সড়ক নির্মাণ নিয়ে উত্তেজনা, আটক ২

চট্টগ্রামের পটিয়ায় আদালতে মামলা চলমান থাকা একটি জমিতে জোরপূর্বক প্রবেশ করে গাছপালা কেটে ক্ষতিসাধন ও পাকা দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. আশেক (৪২) নামে এক ব্যক্তি। তবে অভিযোগ অস্বীকার করে জমিটি নিজেদের ক্রয়কৃত সম্পত্তি দাবি করেছেন অভিযুক্তরা। তাঁদের দাবি, মানুষের চলাচলের সুবিধার্থে সেখানে সড়ক নির্মাণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

‎এদিকে, রোববার (১ নভেম্বর) বিকেলে বিরোধপূর্ণ ওই জমিতে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যায়। জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
‎
‎অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার আজগর আলী চৌধুরীর বাড়িতে অবস্থিত বিরোধপূর্ণ ওই জমির পরিমাণ ১৪ শতক। বাদী আশেকের দাবি, জমিটি তাঁরা দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। তবে বিবাদীরা জমিটির মালিকানা দাবি করে জাল দলিল তৈরি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তাঁদের পক্ষ থেকে আদালতে সি.আর. মামলা নং-৫২০/২২ দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
‎
‎আশেকের লিখিত অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে বিবাদীরা অজ্ঞাতনামা ১০-১২ জনকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়। পাশাপাশি শ্রমিক দিয়ে পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়।
‎
‎খবর পেয়ে বাদীপক্ষের লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজে বাধা দিলে বিবাদীরা তাঁদের গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাঙচুর এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেওয়ার অভিযোগও করেছেন বাদী।
‎
‎অন্যদিকে, অভিযুক্তদের পক্ষে তাঁদের কেয়ারটেকার জানান, আব্দুল মোতালেব চৌধুরীর ক্রয়কৃত জায়গায় মানুষের চলাচলের সুবিধার্থে সড়ক নির্মাণ করা হচ্ছে। এ কাজে আশেক ও তাঁর পক্ষের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তাঁরা।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, ওই জায়গা নিয়ে মামলা চলমান রয়েছে। মামলা চলমান অবস্থায় সেখানে কাজ করা অন্যায়। উভয় পক্ষ নিজেদের জায়গা দাবি করে সেখানে অবস্থান নেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় কাজ করা দুই শ্রমিককে থানায় নিয়ে আসা হয়েছে।

‎পড়ুন : কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন