মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাক চাপায় দুই বৃদ্ধ নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুইজন বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেকবর আলী সরকার (৬৫), তিনি উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫), তিনি গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে। এছাড়াও এ ঘটনায় আহত হাশেম বেপারী (৭০), একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে কয়েকজন বৃদ্ধ বাড়ি ফেরার পথে মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরগামী নম্বরবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনায় আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে যায়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারেননি।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান বলেন, সকালে স্থানীয় লোকজন তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন,সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে দীপশিখার উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন