‎ভরা এজলাসে সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিস্ফোরক অভিযোগ বিচারপ্রার্থীর!

‎বিচারকের সামনেই ভরা এজলাসে সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার বিস্ফোরক অভিযোগ তুলেছেন এক বিচারপ্রার্থী। অভিযোগ, টাকা না দিলে এগোয় না অর্পিত সম্পত্তির মামলা। সাক্ষ্যগ্রহণ থেকে যুক্তিতর্ক, আপিল শুনানি, এমনকি জেলা ভূমি অফিসে মতামত প্রদান—প্রতিটি পর্যায়েই অর্থের জন্য বিচারপ্রার্থীদের একরকম জিম্মি করে রাখা হয়। চাহিদামতো টাকা দিতে না পারলে দিনের পর দিন সময়ের আবেদন করে পিছিয়ে দেওয়া হয় মামলার কার্যক্রম।
‎
‎বাগেরহাট জেলা সিভিল জজ আদালতের বিচারক মন্টু কুমার সানার এজলাসে গত ১৬ নভেম্বর ঘটে এমন ঘটনা। আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে অর্পিত সম্পত্তির মামলা পরিচালনাকারী সরকারি আইনজীবী সুব্রত কিশোর হালদারের বিরুদ্ধে সরাসরি অর্থ দাবির অভিযোগ তোলেন মামলার বাদী অনিরুদ্ধ হাওলাদার।
‎
‎শুধু অনিরুদ্ধই নন, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিচারপ্রার্থী ও আইনজীবীও তাঁর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছেন। অভিযোগ রয়েছে, টাকা না দিলে এগোয় না অর্পিত সম্পত্তির মামলা! সাক্ষ্যগ্রহণ থেকে যুক্তিতর্ক, আপিল ও ভূমি অফিসের মতামত—প্রতিটি ধাপে অর্থ আদায়ের অভিযোগ। নিরুদ্ধের অভিযোগ, রাষ্ট্রপক্ষের এই আইনজীবী তাঁর কাছে কয়েক দফায় টাকা দাবি করেন। প্রথমে ৩ হাজার, পরে ৭ হাজার টাকা দেওয়ার পর আবারও ১০ হাজার টাকা দাবি করা হয়। দরিদ্রতার কারণে সেই টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত ১ হাজার টাকা নিয়েও আদালতে সময়ের আবেদন করা হয়। শুধু একবার নয়, একইভাবে দুই দফায় মামলার তারিখ পিছিয়ে যায় বলে অভিযোগ তাঁর। ‎টনার আরও বিস্ফোরক দিক সামনে আসে গত ১৬ নভেম্বর। অনিরুদ্ধের দাবি, সেদিন আদালতের ভরা এজলাসে তাঁর আইনজীবী নিরঞ্জন বাবুর মাধ্যমে বিচারক মন্টু কুমার সানাকে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী তাঁর কাছে টাকা চেয়েছিলেন। টাকা দিতে না পারায় সময়ের আবেদন করা হয়েছে। এ সময় বিচারক বাদীকে নিজের বক্তব্য জানাতে বললে অনিরুদ্ধ সরাসরি সরকারি আইনজীবী সুব্রত কিশোর হালদারের বিরুদ্ধে টাকা নেয়ার পরেও আরও টাকা দাবি করার অভিযোগ করেন। তবে অভিযুক্ত আইনজীবী এজলাসে এ অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান বাদী।
‎
‎সাক্ষ্যগ্রহণ থেকে যুক্তিতর্ক—অর্থ না দিলে আটকে যায় মামলা!
‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  আইনজীবি ও বিচারপ্রার্থীর  অভিযোগ, অর্পিত সম্পত্তির মামলা পরিচালনায় কয়েকটি পর্যায়ে অর্থ আদায়ের সুযোগ তৈরি করেন সুব্রত মণ্ডল। ‎তাদের দাবি, মামলা রুজু হওয়ার পর সাক্ষ্যগ্রহণের পর্যায়ে সাক্ষী আদালতে উপস্থিত হলেও অর্থ না পেলে সংশ্লিষ্ট সাক্ষীকে জেরা করতে অনীহা দেখান তিনি। দিনের পর দিন সময়ের আবেদন করে মামলার কার্যক্রম পিছিয়ে দেওয়া হয়। একপর্যায়ে বাধ্য হয়ে বাদীপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করে। এরপর চাহিদামতো অর্থ দিলে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম এগোয় বলে অভিযোগ। ‎এছাড়া সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর যুক্তিতর্কের পর্যায়েও একই পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থ না পেলে যুক্তিতর্ক শুনানিতে অংশ না নিয়ে বারবার সময়ের আবেদন করা হয়। ফলে আবারও বিচারপ্রার্থীদের তাঁর দ্বারস্থ হতে হয়। চাহিদামতো অর্থ দেওয়ার পরই যুক্তিতর্ক শুনানিতে অংশগ্রহণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।
‎
‎‎নিম্ন আদালতের রায়ের পরও শেষ হয় না অর্থের চাপ!
‎
‎অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের মামলায় নিম্ন আদালতের রায় বাদীপক্ষের অনুকূলে এলেও অনেক ক্ষেত্রে আইনি প্রক্রিয়া শেষ করতে আপিলের পর্যায় অতিক্রম করতে হয়। ‎অভিযোগকারীদের দাবি, আপিল মামলা ও এর শুনানিতেও একইভাবে অর্থের চাপ তৈরি করা হয়। চাহিদামতো টাকা না দিলে দিনের পর দিন সময়ের আবেদন করে যুক্তিতর্ক শুনানি পিছিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ফলে নিম্ন আদালতে জয়ী হওয়ার পরও বিচারপ্রার্থীদের নতুন করে অর্থ ব্যয় করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দ্বারস্থ হতে হয়।
‎
‎ভূমি অফিসের মতামত প্রদানেও রয়েছে অর্থ লেনদেনের অভিযোগ!
‎অভিযোগের সবচেয়ে গুরুতর অংশ উঠে এসেছে আপিলের রায় বাস্তবায়নের সময়। ভুক্তভোগীদের দাবি, আপিলের রায় পাওয়ার পর বাদীপক্ষ সম্পত্তির নামজারির জন্য জেলা ভূমি অফিসে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে – সংশ্লিষ্ট সম্পত্তিতে রাষ্ট্রের কোনো অধিকার রয়েছে কি না, বাদীপক্ষের অনুকূলে নামজারি করা হলে রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ন হবে কি না এবং আপিলের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন রয়েছে কি না, এমন মতামত চেয়ে পাঠান।
‎অভিযোগ রয়েছে, এই মতামত প্রদানেও বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়। জমির পরিমাণ ও মৌজা বিবেচনা করে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয় বলে অভিযোগকারীদের দাবি।
‎
‎দীর্ঘ এক যুগ ধরে জমি ফিরে পাওয়ার লড়াই, অর্থের অভাবে অসহায় অনিরুদ্ধের মত অনেকেই
‎
‎বাগেরহাটের মোংলা উপজেলার কাইনমারী গ্রামের বাসিন্দা অনিরুদ্ধ।   তাঁর পিতার নাম প্রফুল্ল হালদার।  পরিবারের জমি ফিরে পাওয়ার আইনি লড়াই চলছে এক যুগেরও বেশি সময় ধরে। ২০১২ সালে শুরু হওয়া মামলাটি অর্থনৈতিক সংকটের কারণে দীর্ঘদিন এগিয়ে নিতে পারেননি তাঁরা।
‎তার শরিকের মধ্যে সবার আর্থিক সামর্থ্য না থাকায় প্রাইভেট পড়িয়ে নিজের সামান্য উপার্জন থেকে মামলার খরচ চালাচ্ছেন অনিরুদ্ধ। অথচ অভিযোগ অনুযায়ী, সেই মামলাতেই বারবার অর্থের চাপের মুখে পড়তে হচ্ছে তাঁকে।
‎এটি শুধু অনিরুদ্ধের একার দুর্ভোগ নয়। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের মামলা নিয়ে বাগেরহাটে বহু পরিবার বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। এসব পরিবারের অনেকেই দরিদ্র, অসচ্ছল ও অসহায়। কারও জীবনের সঞ্চয় শেষ হয়েছে মামলা চালাতে গিয়ে, কেউ জমি ফিরে পাওয়ার আশায় ধারদেনা করে আদালতে যাতায়াত করছেন। অনেকে মামলা চালাতে চালাতে মৃত্যুবরণ করেছেন। আবার কেউ বার্ধক্যের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে এখনো আদালতের বারান্দায় ঘুরছেন।
‎
‎১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন পাকিস্তান সরকার Defence of Pakistan Ordinance-এর আওতায় বিভিন্ন সম্পত্তি Enemy Property বা শত্রুসম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করে। পরবর্তী সময়ে Enemy Property-সংক্রান্ত আইন ও ১৯৭২ সালের Presidential Order No. 29-এর ধারাবাহিকতায় এসব সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে থেকে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বিভিন্ন আইনি ব্যবস্থার কারণে বহু সম্পত্তি মূল মালিক ও তাঁদের উত্তরাধিকারীদের কাছে ফিরে আসেনি এই সম্পত্তি।

‎আইনের ১০ ধারার ৭ উপধারা অনুযায়ী, আবেদন পাওয়ার ৩০০ দিনের মধ্যে রায় দেওয়ার বিধান রয়েছে। অনিবার্য কারণে তা সম্ভব না হলে কারণ লিপিবদ্ধ করে আরও ৬০ দিন এবং বিশেষ যুক্তি সংগত পরিস্থিতিতে সর্বশেষ আরও ৩০ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে সরকারও গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজনীয় সময়সীমা বাড়াতে পারে। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত ক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে আপিল করার বিধান রয়েছে। আপিল ট্রাইব্যুনালও উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে ৩০০ দিনের মধ্যে রায় দেওয়ার বিধান অনুযায়ী কাজ করবে। এই আইনেই আবেদন গ্রহণ, নোটিশ, সাক্ষ্য-প্রমাণ, উভয় পক্ষের শুনানি, রায় ও আপিলের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ‎এই আইনের ১১ ধারায় রায় ও ডিক্রি বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। ডিক্রি প্রস্তুতের ৪৫ দিন পর ট্রাইব্যুনাল রায় ও ডিক্রির অনুলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানোর বিধান রয়েছে। তবে ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানির জন্য গৃহীত হলে ডিক্রি বাস্তবায়ন স্থগিত থাকবে। ‎আপিলের বাধা না থাকলে এবং সম্পত্তি সরকারের সরাসরি দখলে থাকলে জেলা প্রশাসক ডিক্রিপ্রাপ্ত ব্যক্তিকে সম্পত্তির দখল বুঝিয়ে দেয়ার কথা বলা হয়েছে।
‎
‎‎অভিযোগের বিষয়ে অভিযুক্ত আইনজীবী সুব্রত কিশোর হালদার জানান, ঐ দিন এজলাসে এমন কোন ঘটনাই ঘটেনি। আমি সরকার পক্ষের আইনজীবী, বিপক্ষের যে কেউ আমার বিরুদ্ধে যা ইচ্ছে বলতে পারে। রাষ্ট্র পক্ষের আইনজীবী আমি অনেকের শত্র হয়ে গেছি, আর তারাই আমার বিরুদ্ধে এমন প্রপাগন্ডা ছড়াচ্ছে।
‎
‎অন্য দিকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ  জানান, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎এবিষয়ে বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড: শেখ অয়াহিদুজ্জামান দিপু বলেন,  বাগেরহাট আইনজীবী সমিতির কোন সদস্য যাদি অপেশাদার আচরন বা দুর্নীতি করেন, যদি কেউ এ বিষয়ে আমাদের সমিতিতে অভিযোগ করে, আমরা একটি ট্রইবুনালের মাধ্যমে তাকে নোটিশ করে শুনানি করি, এবং বিষয়টি তদন্ত করি। অভিযোগ প্রমানিত হলে তার সদস্যপদ স্থগিত ও বাতিল হতে পারে।
‎
‎আইনজ্ঞদের মতে, সরকার যেখানে প্রকৃত মালিক ও তাঁদের উত্তরাধিকারীদের সম্পত্তি ফিরিয়ে দিতে বিশেষ আইন, বিধিমালা ও বিচারিক কাঠামো তৈরি করেছে, সেখানে সেই বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ অত্যন্ত গুরুতর। প্রশ্ন উঠেছে, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবীর কাছে যদি বিচারপ্রার্থীদের অর্থ দাবির মুখোমুখি হতে হয়, তাহলে অসহায় মানুষ ন্যায়বিচার পাবেন কীভাবে! অর্থ দিতে না পারলে যদি মামলার কার্যক্রম পিছিয়ে যাওয়ার অভিযোগ ওঠে, তাহলে বিচারপ্রার্থীদের অধিকার কোথায় সুরক্ষিত! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  বিচারপার্থীদের এমন ভোগান্তি নিরোসনে কাজ করবে,  এমনটাই প্রত্যাশা সবার।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৩তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন