হাস্যরসাত্মক কমেডি ও থ্রিলার নাটক ‘জামাই বনাম শ্বশুর’। আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে নাটকটি।
নাটকের গল্পে অনিক একজন অলস ও দায়িত্বজ্ঞানহীন জামাই, যে চাকরি করতে চায় না, বরং নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করে। অফিস থেকে ছুটি পাওয়ার জন্য সে নিজের জীবিত শ্বশুর খালেক সাহেবকে মৃত বলে মিথ্যা খবর ছড়ায়। কিন্তু অবসরপ্রাপ্ত এই সাবেক বিডিআর সদস্য শ্বশুরও কম যান না। জামাইয়ের এমন কাণ্ড ধরে ফেলতে এবং তাকে সঠিক পথে আনতে শুরু করেন নানা মজার কৌশল।
অন্যদিকে স্ত্রী মিথিলাও স্বামীর দায়িত্বহীনতায় বিরক্ত। শ্বশুর-জামাইয়ের হাস্যকর দ্বন্দ্ব, দাম্পত্য টানাপোড়েন ও নানা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প। একসময় অনিক উপলব্ধি করে, সংসার জীবনে শুধু হাসি-ঠাট্টা নয়, দায়িত্ববোধ ও পরিবারের প্রতি ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্ক, শ্বশুর-জামাইয়ের মজার দ্বন্দ্ব এবং জীবনঘনিষ্ঠ বার্তার সমন্বয়ে নির্মিত নাটকটি দর্শকদের আনন্দ দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন টিটু বাঙ্গালী, মিম চৌধুরী ও আব্দুল্লাহ রানা। এ ছাড়া অভিনয় করেছেন, শেলী আহসান, ফাতেমা হীরা, সিদ্দিক মাস্টার, শাহ নেওয়াজ, রিক্তা সুলতানা পরী, আশীষ কুমার, সাইফুল খান, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলামসহ আরও অনেকে।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন এম আর আলী। প্রযোজক সাইদুর রহমান কবুল এবং নির্বাহী প্রযোজক রুমান হোসাইন। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন সোহাগ শরীফ। নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট।
পড়ুন : ‘পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল’, কেন বললেন রণবীর?


