‎দুবাইয়ে মিশরীয়র ছুরিকাঘাতে প্রবাসী খুন, চট্টগ্রামে স্বজনদের আহাজারি

জীবিকার তাগিদে দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মধুসূদন নাথের ছেলে পুলক নাথ। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রবাসে গেলেও শেষ পর্যন্ত বিদেশের মাটিতেই থেমে গেল তার জীবন। গত শনিবার শারজাহতে এক মিশরীয় নাগরিকের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
‎
‎পুলকের মৃত্যুর খবর প্রথমে তার সঙ্গে থাকা এক বন্ধু ফোন করে দেশে তার মাকে জানান। বন্ধুর কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকে ভেঙে পড়েন মা। পরিবারের সদস্যরা কিছুতেই মেনে নিতে পারছেন না এই মৃত্যু। বিশেষ করে প্রতিবন্ধী ভাই ও শোকে মুহ্যমান মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
‎
‎পুলকের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কষ্ট দূর করতে প্রবাসে যাওয়া ছেলেকে হারিয়ে দিশেহারা স্বজনরা। শেষবারের মতো সন্তানের মুখ দেখতে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন মা।
‎
‎নিহতের মা বালা দেবী জানান, ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা। সন্তানের মরদেহ শেষবারের মতো দেখতে চান তিনি। দ্রুত ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।
‎
‎নিহতের বোন চুমকি দেবী জানান, ভাইয়ের এমন নির্মম মৃত্যুতে দিশেহারা পুরো পরিবার। পরিবারের ভরসা পুলককে হারিয়ে এখন অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
‎
‎এদিকে স্থানীয়রা জানান, পুলক অত্যন্ত শান্ত স্বভাবের ছেলে ছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমিয়েছিলেন তিনি। এভাবে একজন নিরীহ প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন স্থানীয়রা।
‎
‎নিহতের চাচা বসু নাথ বলেন, পুলক ছিলেন ভদ্র ও নিরীহ প্রকৃতির ছেলে। পরিবারের জন্য তার অনেক স্বপ্ন ছিল। এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
‎
‎বর্তমানে পুলকের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের দাবি, দ্রুত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পটিয়ার জিরি ইউনিয়নের নিজ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
‎
‎এ বিষয়ে জানতে চাইলে জিরি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আজম জানান, পুলক নাথের মৃত্যুর বিষয়ে তিনি অবগত নন।

বিজ্ঞাপন

‎পড়ুন : ফটিকছড়িতে জরিমানার পরও ফের টিলা কাটা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন