নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শহরের তিনখাম্বা মোড় থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক—চৌরাস্তা, চিত্রা মোড় ও দড়াটানা অতিক্রম করে মিছিলটি ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে তিন সংগঠনের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তব্য ও স্লোগানে নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতার তীব্র প্রতিবাদ জানান এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজেদুর রহমান সাগর এবং ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহ-নেওয়াজ ইমরান।
পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি


