দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর রাতব্যাপী অভিযানে ৫ জনকে আটক ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ৩ লাখ ৮৬ হাজার ৭০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদকে মাদক ও চোরাচালানের অভিশাপ থেকে মুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দিনাজপুর ব্যাটালিয়ন। সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপরাধীদের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ০৩ নভেম্বর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী পঁচাপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক সেবনের প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে। একপর্যায়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন:
মো: লাইচু (২৭), পিতা- মো: আ: রহিম, গ্রাম- বেতুড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
মো: সাখাওয়াত (২৮), পিতা- মো: আজিজুর রহমান, গ্রাম- পঁচাপাড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
মো: ওমর ফারুক (৩৫), পিতা- মো: নাসিরুদ্দিন, গ্রাম- বিরল, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
মো: মাজেদুর রহমান (৩২), পিতা- মৃত মোসলেম উদ্দিন, গ্রাম- বেতুড়া, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
মো: জাফরুল ইসলাম (২৩), পিতা- আব্দুর রহমান, গ্রাম- গোপালপুর, থানা- বিরল, জেলা- দিনাজপুর।
আটক ব্ক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম ও মোবাইলসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, একই রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর, চাপসার ও চান্দেরহাট বিওপি পৃথক পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে দিনাজপুর জেলার বিরল এবং ঠাকুরগাঁও জেলার হরিপুর ও পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৮ বোতল ভারতীয় মদ, ৪০৮ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ এবং ৯৪০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের স্থিতিশীলতাকেও বিপন্ন করে। তাই সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় নিয়ে আমাদের অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন:ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান
ইমি/


