অর্থাভাবে যাদের চিকিৎসা অনেক সময় অধরাই থেকে যায়, প্রত্যন্ত অঞ্চলের সেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘AY প্রকৃতি রক্ষায় মানবকল্যাণে বাতিঘর’। সংগঠনটির উদ্যোগে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা আল ইয়ামিন জানান, প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসাবঞ্চিত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। অর্থের অভাবে যেন কোনো মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. নিজামুল হক (এমবিবিএস, সিএমএ, আল্ট্রা) এবং ডা. মিথিলা আক্তার তামান্না (এমবিবিএস, ডিইউ, সিএমইউ, আল্ট্রা)। তাঁরা আগত রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পরিচালনা ও সেবাগ্রহীতাদের সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দা ও সুধীজনেরা সংগঠনটির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার সুযোগ সীমিত থাকায় এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়দের মুখে স্বস্তির হাসি ফোটানো আর সেবার মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ—‘বাতিঘর’-এর এ উদ্যোগ যেন সেই মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
পড়ুন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন


