মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে কুপিয়ে জখম করে ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে যাত্রাপুর গ্রামে যাওয়ার পথে বাড়ির ৩০০ গজ আগে তার উপর হামলার ঘটনা ঘটে। এসময় তার ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানা এস আই শেখ ফারুক।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জন মনাকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক রাসেল মিয়া জানান, রাত সাড়ে আটটার দিকে যাত্রাপুর গ্রামের নুর আলম চাচাদের বাড়ির সামনে আসলে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন কর্মকারকে আঘাত করে তার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। রাস্তার মধ্যে ছোপ রক্ত ও একটি কাঠের লাকড়ি রক্তের পাশে দেখা গেছে। তাকে ভাড়ি বস্তু দিয়ে আঘাত না কুপানো হয়েছে তা বোঝা যাচ্ছে না।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার অসীম সরকার জানান, তার মাথায় আঘাত করা হয়েছে। জখমের চিহ্ন রয়েছে। অনেক ব্লিডিং হয়েছে। তার মাথায় অনেকগুলো সেলাই দেয়া হয়েছে। তার সিটিস্ক্যান করাতে হবে। তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হরিরামপুর থানা এস আই শেখ ফারুক বলেন, আমরা হরিরামপুর থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার ব্যাগ নেয়া হলেও ব্যাগে কোন স্বর্ণ ছিলোনা। ঘটনাস্থলে রক্ত দেখেছি আর একটি নারিকেল গাছের বাইগরা পেয়েছি। আমরা তদন্ত করছি।
মানিকগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে হামলা ও ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : কালিয়াকৈরে শান্ত পরিবেশ অশান্ত করতে দেওয়া হবে না : ডিআইজি মোস্তাফিজুর রহমান
সা/


