মরিশাসে কর্মস্থলে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে এক মর্মান্তিক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের প্রাণহানি ঘটেছে। কন্টেইনার থেকে কাচের প্যানেল ভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’, ‘ল্য মরিসিয়েন’ এবং ‘লেক্সপ্রেস’-এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

নিহত তিন বাংলাদেশি শ্রমিক হলেন—মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) এবং সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা দেশটির একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে (কোনো কোনো সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে) মরিশাসের উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস (প্লাইন-দে-পাপাই) এলাকার মসজিদ (মস্ক) রোডে অবস্থিত একটি প্রতিষ্ঠানের কন্টেইনার রাখার চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার সময় শ্রমিকরা একটি কন্টেইনার থেকে ৪১টি কাচের প্যানেলযুক্ত একটি ভারী বাক্স নামাচ্ছিলেন। প্রতিটি কাচের প্যানেলের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। এ সময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাঁদের ওপর এসে পড়ে। এতে বাক্স ও কাচের প্যানেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়।

খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।

এদিকে কর্মস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কি না, ভারী মালামাল ওঠানামার ক্ষেত্রে সঠিক পদ্ধতি বা পর্যাপ্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল কি না এবং শ্রমিকদের কোনো অবহেলা কিংবা তদারকির ঘাটতি ছিল কি না—তা খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ ও শ্রম মন্ত্রণালয় পৃথক তদন্ত শুরু করেছে। তদন্তে কোনো ধরনের অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, মর্মান্তিকভাবে প্রাণ হারানো এই প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন তাঁদের শোকাহত পরিবারবর্গ।

পড়ুন : অধ্যক্ষের পদত্যাগ ও পুলিশি হামলার প্রতিবাদে আজিমপুরে সড়ক অবরোধ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন