বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মানিশ মালহোত্রার দীপাবলি পার্টিতে কথিত প্রেমিক হর্ষ মেহতাকে নিয়ে উপস্থিত হন তিনি। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পার্টিতে প্রবেশ বা প্রবেশের পর আলোকচিত্রীদের সামনে একা ছবি তোলেন মালাইকা; দুজনকে একসঙ্গে ক্যামেরায় ধরা দিতে দেখা যায়নি। তবে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় মালাইকা ইশারায় হর্ষকে কাছে ডেকে নেন এবং তারা একসঙ্গেই বেরিয়ে যান। এর আগে অবশ্য উপস্থিত পাপারাজ্জিদের দিকে তাকিয়ে থাম্বস-আপ দেখিয়ে সৌজন্য বিনিময় করেন হর্ষ।
মানিশ মালহোত্রার এই জমকালো অনুষ্ঠানে মালাইকার সাজপোশাক বিশেষ নজর কেড়েছে। তিনি সাদা শার্টের সাথে গোলাপি ও সাদার মিশেলে তৈরি একটি ঝলমলে লেহেঙ্গা পরে হাজির হয়েছিলেন। কাকতালীয়ভাবে, একই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকার সাবেক প্রেমিক অর্জুন কাপুরও। তবে একই অনুষ্ঠানে থাকলেও সাবেক এই জুটির মধ্যে মুখোমুখি কোনো কথা বা সাক্ষাৎ হওয়ার খবর পাওয়া যায়নি।
কে এই হর্ষ মেহতা?
ডিএনএ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন হীরার ব্যবসায়ী। গত বছরের অক্টোবর মাসে মুম্বাইয়ে আন্তর্জাতিক সংগীতশিল্পী এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকার সঙ্গে তাকে প্রথম দেখা যায়। সেখানে দীর্ঘ সময় তাদের কথা বলতে দেখা গিয়েছিল। কনসার্ট শেষে তারা আলাদাভাবে স্থান ত্যাগ করলেও বিষয়টিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন স্থানে তাদের একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো রূপ নেয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইতালি ভ্রমণের সময় এই জুটির একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে তোলা সেই সেলফিতে হর্ষের দিকে মালাইকাকে ঝুঁকে থাকতে দেখা গিয়েছিল, যেখানে তাদের সাধারণ অথচ রুচিশীল পোশাক ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। এর পর মার্চ মাসে মুম্বাইয়ে অভিনেত্রী কৃতিকা কামরা ও গৌরব কাপুরের সংবর্ধনা অনুষ্ঠানেও মালাইকার সাথে হর্ষকে দেখা যায়, যদিও সেবারও তিনি ক্যামেরা এড়িয়ে চলেছিলেন।
উল্লেখ্য, অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মালাইকা অরোরা, তবে ২০২৪ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। তার আগে ১৯৯৮ সালে অভিনেতা ও নির্মাতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৯ বছর সংসার করার পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। আরবাজ-মালাইকা দম্পতির একমাত্র সন্তানের নাম আরহান খান।
পড়ুন : রাজধানীতে জেমসের নগরবাউল’সহ ৭ ব্যান্ডের উন্মুক্ত কনসার্ট
সা/


