সীমান্তের কাঁটাতার পেরিয়ে রাতের আঁধারে অবৈধভাবে দেশে ঢুকছে ভারতীয় গরু। এরপর স্থানীয় পশুর হাটের ‘ভুয়া রসিদ’ ব্যবহার করে নিপুণ দক্ষতায় সেই চোরাই গরুকে ‘বৈধ’ সাজিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করছে সংঘবদ্ধ একটি চক্র। দীর্ঘদিনের এমন অভিনব প্রতারণা ও চোরাচালানের অবসান ঘটিয়েছে নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ। এরআগ, গতকাল (শুক্রবার) বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরসহ এমন একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং প্রতারণার প্রধান হাতিয়ার ভুয়া রসিদ বই জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দুর্গাপুরের দয়ালবাড়ী এলাকায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরুবোঝাই পিকআপ দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে উত্তরাইল বাজার এলাকায় পিকআপটি আটক করতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে চক্রের অন্যতম হোতাকে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের পারভেজ মিয়া (২৫), চারিখাল গ্রামের মো. হানিফ (৩০), কলমাকান্দার নাজিরপুর এলাকার রামপুর গ্রামের জাহিদ হাসান রাসেল (৩০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের আফসার উদ্দিন (৩৪) ও ইয়াসিন মিয়া (২২)। নরসিংদীর অপরাধীদের উপস্থিতিতে স্পষ্ট হয়, এটি একটি শক্তিশালী আন্তঃজেলা চোরাচালান চক্র।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জাহিদ হাসান রাসেলের প্রত্যক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে অবৈধভাবে ভারতীয় গরু আনা হতো। এরপর নাজিরপুর বাজারের নামে ভুয়া খাস আদায়ের রসিদ ব্যবহার করে সেসব গরু দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে নির্বিঘ্নে বিক্রি করে আসছিল চক্রটি।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে জানান, জব্দকৃত ১৭টি ভারতীয় ষাঁড়-বাছুরের আনুমানিক বাজারমূল্য সাত লাখ ৫৪ হাজার টাকা। চোরাচালানের মাধ্যমে গরু সংগ্রহ, অবৈধ সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে জাল রসিদ ব্যবহারের সুনির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি


