ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায় রয়েছেন। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আইনি জটিলতা, সহশিল্পীর সঙ্গে বিরোধ—সব মিলিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তাঁর। শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মামলার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। এর মধ্যেই নাট্যশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে তাঁর সদস্যপদ। এমন পরিস্থিতির মধ্যেই এবার বধূর সাজে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিশা।
গত শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক ডজনেরও বেশি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে জমকালো লাল বেনারসি শাড়িতে। ঐতিহ্যবাহী বাঙালি বধূর সাজে তাঁর উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে ছবির সঙ্গে দেওয়া তাঁর ক্যাপশন।
তানজিন তিশা লিখেছেন, ‘অবিচল, আপসহীন, নির্ভীক, অবিনাশী, অদম্য, অপ্রতিরোধ্য।’ তাঁর এই কয়েকটি শব্দ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, সাম্প্রতিক নানা বিতর্ক ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের অবস্থানে শক্ত থাকার বার্তাই দিয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোতে তিশাকে দেখা গেছে চোখধাঁধানো লাল রঙের জমকালো বেনারসি শাড়িতে। শাড়িজুড়ে সোনালি ও রুপালি জরির সূক্ষ্ম কারুকাজ তাঁর সাজে যোগ করেছে রাজকীয় আবহ। সঙ্গে ছিল নকশাদার ব্লাউজ ও লাল ওড়না।
মাথায় টিকলি, কানে ভারী ঝুমকা, গলায় চোকার এবং সোনালি গয়নার সমন্বয়ে তাঁর সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী বাঙালি ব্রাইডাল লুক। খোঁপায় সাদা ফুলের সাজও তাঁর সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা।
বধূর সাজে তিশার ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত ও অনুসারীদের কাছ থেকে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ তাঁর সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন, আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, এবার বাস্তব জীবনেও বিয়ের পিঁড়িতে বসে পড়ুন অভিনেত্রী।
তিশার এই নতুন উপস্থিতির আগে থেকেই তাঁকে ঘিরে বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছিল। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারামারির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় বিষয়টি সমাধানের জন্য অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও মীমাংসার বিষয়ে তিশার অনীহার অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে সংগঠনটি তাঁর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ফলে অভিনয়জগতে তাঁর সাংগঠনিক অবস্থান নিয়েও তৈরি হয়েছে আলোচনা।
এদিকে শাড়ি নিয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আইনি জটিলতার মধ্যেও রয়েছেন অভিনেত্রী। এসব ঘটনা তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
অভিনয়জীবনেও খুব একটা স্বস্তিতে নেই তানজিন তিশা। একসময় ছোট পর্দার নাটকে নিয়মিত কাজ করলেও সাম্প্রতিক সময়ে নাটকের কাজ কমিয়ে সিনেমায় মনোযোগী হয়েছেন তিনি।
শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা রয়েছে তাঁর। সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটির শুটিংয়ের বড় একটি অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ শেষ না হওয়ায় এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে নিজেকে তুলে ধরার পরিকল্পনা ছিল তিশার। কিন্তু নানা কারণে নির্মাণকাজ শেষ না হওয়ায় অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে।
ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন তানজিন তিশা। আইনি জটিলতা, অভিনয়শিল্পী সংঘের সিদ্ধান্ত এবং সিনেমার অনিশ্চয়তার মধ্যেই বধূর সাজে তাঁর নতুন ছবিগুলো ভক্তদের নজর কেড়েছে। আর ছবির ক্যাপশনে দেওয়া ছয়টি শব্দ যেন জানিয়ে দিচ্ছে, প্রতিকূলতার মধ্যেও নিজেকে শক্ত রাখার প্রত্যয় হারাতে চান না এই অভিনেত্রী।
পড়ুন:মোহনগঞ্জে জিয়াউর রহমানের নাম না নেওয়ায় ক্ষোভ, শিক্ষা কর্মকর্তার দুঃখ প্রকাশ
ইমি/


