অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে এবং নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। অ্যাটকোর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে অ্যাটকোর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন আবদুস সালাম। এ ছাড়া সহসভাপতি পদে কাজী জাহেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে জহিরুদ্দিন মাহমুদ মামুন নির্বাচিত হয়েছেন। কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নাগরিক টেলিভিশনের এমডি নাভিদুল হক।
কমিটিতে আরও যারা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন— মোস্তফা কামাল, আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, মো. জসিম উদ্দিন, মো. লিয়াকত আলী খান মুকুল, টিপু আলম মিলন, মো. হাসান, শামীম ইসলাম এবং সৈয়দ সামাদুল হক।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি, আর্থিক প্রতিবেদন এবং দেশের টেলিভিশন সম্প্রচার খাতের সামগ্রিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে টেলিভিশন শিল্পের প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সভায় আলোচিত হয়।
নতুন নির্বাচিত কমিটির নেতারা অ্যাটকোর কার্যক্রমকে আরও গতিশীল করতে, সদস্য টেলিভিশন চ্যানেলগুলোর স্বার্থ ও পেশাগত মর্যাদা রক্ষায় এবং দেশের সম্প্রচার শিল্পের অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ ছাড়া সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন।
পড়ুন : ঠাকুরগাঁওয়ে বিএনপির নয় নেতার স্ত্রী ও চারজনের সন্তান সারের ডিলার


