নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসা নিতে এসে কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্তের সঙ্গে মোয়াজ্জেম হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি চিকিৎসককে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে আটক করেন।
পরে আটক ব্যক্তিকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে একজন কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে এমন আচরণের ঘটনায় হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ


