দলবদলের গুঞ্জন, বার্সেলোনায় যাওয়ার চেষ্টা এবং সমর্থকদের দুয়োধ্বনি—সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। দলবদলের নাটকীয়তা শেষে আতলেতিকো মাদ্রিদেই থেকে গেছেন তিনি। তবে পুরোনো ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমে নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। একের পর এক গোলের সুযোগ হাতছাড়া করে এখন নতুন করে চাপের মুখে পড়েছেন তিনি। যদিও শিষ্যের এমন ব্যর্থতার পরও তার ওপর আস্থা হারাচ্ছেন না আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে।
রোববার মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। জুলিয়ান আলভারেজও বেশ কয়েকটি আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সতীর্থ জুলিয়ানো সিমিওনের করা প্রথম গোলটিতে সহায়তা করেন তিনি। তবে নিজে গোল করার একাধিক সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে ফারমিন লোপেজের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই ম্যাচটি আলভারেজের জন্য ছিল বিশেষ গুরুত্বের। কারণ, গত জুনে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের পর এই প্রথম সাবেক সম্ভাব্য গন্তব্যের ক্লাবটির মুখোমুখি হন তিনি। দলবদলের সময় তাকে ঘিরে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আতলেতিকোতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। পরবর্তী সময়ে বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশের ঘটনায় আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
ম্যাচের আগে থেকেই আলভারেজকে ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিতে চেয়েছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে ম্যাচ শেষে তার পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তবে কোচ দিয়েগো সিমিওনে শিষ্যের সমালোচনা না করে তার পাশে দাঁড়িয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আলভারেজের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক মন্তব্য করেন তিনি। সিমিওনের মতে, গোল না পেলেও আক্রমণ তৈরিতে এবং দলের খেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই আর্জেন্টাইন।
সিমিওনে বলেন, ‘হুলিয়ান ভালো খেলেছে। গোলের সুযোগ তৈরির পাশাপাশি আক্রমণের বেশ কয়েকটি মুভমেন্টেও দারুণ অবদান রেখেছে।’
তিনি আরও বলেন, ‘হুলিয়ানোকে দিয়ে গোল করানোর পাশাপাশি বায়েনাকে উদ্দেশ্য করেও একটি চমৎকার ক্রস বাড়িয়েছিল সে। আমরা সবাই চেয়েছিলাম ও গোলটি পাক। তবে ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ সে একজন বড় মাপের খেলোয়াড়। আমরা তাকে পছন্দ করি এবং নিজেদের লক্ষ্য পূরণ করতে হলে আলভারেজকে সেরা ছন্দে পাওয়া জরুরি। তা না হলে আমরা কাঙ্ক্ষিত সাফল্য পাব না।’
আলভারেজের প্রতি সিমিওনের এমন সমর্থন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করায় নিজের দলের সমর্থকদের কাছ থেকেই বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন তিনি। অনেক ম্যাচে গ্যালারির দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়ের আত্মবিশ্বাসে প্রভাব পড়ার আশঙ্কা থাকলেও কোচ তার ওপর আস্থা রেখেছেন।
সমর্থকদের অসন্তোষের কারণে মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচে আলভারেজকে সতর্কভাবে খেলিয়েছেন সিমিওনে। তবে সাম্প্রতিক সময়ে আবারও নিয়মিত একাদশে জায়গা পেয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে আতলেতিকোর শেষ পাঁচটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই আর্জেন্টাইন। এ সময়ে দুটি গোলও করেছেন তিনি। ফলে বার্সেলোনার বিপক্ষে গোল না পেলেও তার সাম্প্রতিক পারফরম্যান্সকে একেবারে উপেক্ষা করছেন না কোচ।
এদিকে বার্সেলোনার বিপক্ষে হারের পরও দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন সিমিওনে। তার মতে, খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ীই মাঠে নিজেদের দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে প্রথমার্ধে দলের প্রেসিং, আক্রমণের গতি ও শারীরিক সক্ষমতা ছিল প্রশংসনীয়।
ম্যাচ শেষে আতলেতিকো কোচ বলেন, ‘এটি একটি অসাধারণ পারফরম্যান্স ছিল। খেলোয়াড়দের কোনো দোষ দেওয়ার সুযোগ নেই। আমরা ঠিক যে কৌশলে খেলতে চেয়েছিলাম, সেভাবেই খেলেছি। বিশেষ করে প্রথমার্ধে দারুণ ইন্টেনসিটি নিয়ে প্রেসিং করেছি।’
তবে নিজেদের সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি স্বীকার করেছেন সিমিওনে। তার মতে, অন্য ম্যাচগুলোর তুলনায় এবার আতলেতিকো মাদ্রিদ ততটা নিখুঁত ছিল না। বিপরীতে বার্সেলোনা সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ছিল।
সিমিওনে বলেন, ‘অন্য দিনের মতো এবার আমরা অতটা নিখুঁত ছিলাম না। বার্সেলোনা এই দিক থেকে অনেক এগিয়ে। আমাদের চেয়ে পরিষ্কার সুযোগ কম পেলেও সেগুলো তারা পুরোপুরি কাজে লাগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে হার আতলেতিকো মাদ্রিদের জন্য হতাশার হলেও আলভারেজকে নিয়ে এখনই হাল ছাড়তে রাজি নন সিমিওনে। দলের আক্রমণভাগে তার গুরুত্ব সম্পর্কে ভালোভাবেই জানেন এই আর্জেন্টাইন কোচ। তাই গোলখরা কাটিয়ে নিজের সেরা ছন্দে ফিরতে আলভারেজকে সময় দিতে চান তিনি। এখন দেখার বিষয়, কোচের এই আস্থার প্রতিদান দিয়ে পরবর্তী ম্যাচগুলোতে কতটা কার্যকর হয়ে উঠতে পারেন আর্জেন্টাইন তারকা।
পড়ুন:নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আবারও বড় পরিবর্তন
ইমি/


