আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০ ধরনের নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলার বিপরীতে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে আমদানিকারকরা তুলনামূলক কম নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে রমজানে বাজারে পণ্যের সরবরাহ বাড়বে এবং মূল্য পরিস্থিতি সহনীয় রাখতে সহায়তা করবে।
রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে এবং আগামী ১৫ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন রমজান মাসে নির্দিষ্ট কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি প্রক্রিয়া সহজ করা, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানির ক্ষেত্রে এলসি খোলার বিপরীতে সংরক্ষণযোগ্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। অর্থাৎ এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোকে আমদানিকারকদের কাছ থেকে বেশি হারে নগদ মার্জিন নেওয়ার পরিবর্তে তা কম পর্যায়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রমজান মাসে দেশের মানুষের খাদ্যাভ্যাস ও দৈনন্দিন বাজারের চাহিদায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ইফতার ও সাহ্রির আয়োজনে ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, চিনি, ডাল ও বিভিন্ন মসলার ব্যবহার বেড়ে যায়। পাশাপাশি বেগুনি, পেঁয়াজু, আলুর চপসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার তৈরিতে ভোজ্যতেলের চাহিদা বৃদ্ধি পায়। শরবত, মিষ্টান্ন ও অন্যান্য খাবারের কারণে চিনির ব্যবহারও বেড়ে যায়।
এ ছাড়া রমজান মাসে খেজুরের চাহিদা থাকে তুলনামূলক বেশি। ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকায় এ সময় পণ্যটির আমদানি ও বিক্রি বাড়ে। একইভাবে ছোলা, ডাল ও বিভিন্ন মসলার চাহিদাও বেড়ে যায়। ফলে রমজানের আগে থেকেই এসব পণ্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করা জরুরি হয়ে পড়ে।
শুধু পারিবারিক পর্যায়েই নয়, বিভিন্ন সামাজিক ও করপোরেট প্রতিষ্ঠানেও রমজান মাসে বড় পরিসরে ইফতার আয়োজন করা হয়। এতে পাইকারি ও খুচরা বাজারে নিত্যপণ্যের বাড়তি চাহিদা তৈরি হয়। অন্যদিকে রমজান শুরুর আগেই অনেক পরিবার প্রয়োজনের তুলনায় কিছুটা বেশি পণ্য কিনে ঘরে মজুত করার চেষ্টা করে। ফলে বাজারে সাময়িকভাবে চাহিদার চাপ আরও বেড়ে যায়।
এ পরিস্থিতিতে আমদানিকারকদের জন্য এলসি খোলার প্রক্রিয়া সহজ করা হলে বাজারে পণ্যের সরবরাহ বাড়তে পারে। বিশেষ করে আমদানির ক্ষেত্রে নগদ অর্থের চাপ কমলে ব্যবসায়ীরা তুলনামূলক সহজে বড় পরিমাণে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারবেন। এতে রমজানের আগে বাজারে প্রয়োজনীয় পণ্যের মজুত গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
এলসি বা লেটার অব ক্রেডিট হলো আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানির জন্য ব্যাংকের দেওয়া একটি আর্থিক নিশ্চয়তা। বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আমদানিকারককে ব্যাংকের মাধ্যমে এলসি খুলতে হয়। এ সময় ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা জামানত জমা দিতে হয়, সেটিই এলসি মার্জিন নামে পরিচিত। সাধারণত এলসির মোট মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসেবে এ মার্জিন নির্ধারণ করা হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো পণ্য আমদানির জন্য ১০০ শতাংশ মার্জিন নির্ধারিত থাকলে আমদানিকারককে এলসির মোট মূল্যের সমপরিমাণ অর্থ নগদ জমা দিতে হয়। অন্যদিকে মার্জিন কমানো হলে তুলনামূলক কম অর্থ জমা দিয়েই এলসি খোলা সম্ভব হয়।
এলসি মার্জিন কম থাকলে আমদানিকারকদের নিজস্ব মূলধনের ওপর চাপ কমে। ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও তুলনামূলক সহজে আমদানির সুযোগ পান। একই সঙ্গে আমদানিকারকরা হাতে থাকা অর্থ ব্যবসার অন্যান্য প্রয়োজনেও ব্যবহার করতে পারেন। এর ফলে বাজারে পণ্যের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
অন্যদিকে এলসি মার্জিন বেশি হলে আমদানিকারকদের বড় অঙ্কের অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। এতে তাদের কার্যকর মূলধনের একটি বড় অংশ আটকে যায়। ফলে নতুন করে এলসি খোলা এবং পর্যাপ্ত পণ্য আমদানি করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে আমদানি কমে গেলে বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এর প্রভাব পড়তে পারে খুচরা বাজারের দামের ওপরও।
রমজানকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে নিত্যপণ্যের আমদানি সহজ করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে শুধু এলসি মার্জিন কমালেই বাজারে দাম নিয়ন্ত্রণ নিশ্চিত হবে না। আমদানির পাশাপাশি সরবরাহব্যবস্থা সচল রাখা, পর্যাপ্ত মজুত নিশ্চিত করা এবং বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মজুতদারি প্রতিরোধ করাও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করলে রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের ওপর বাড়তি মূল্যচাপ কমাতে সহায়তা মিলবে।
পড়ুন:বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম
ইমি/


