জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর দাগনভূঞায় আয়োজিত শোভাযাত্রাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র হাতে বিশেষ পোশাক পরা ব্যক্তিদের মহড়ার ঘটনা ঘটেছে। এতে থমথমে পরিবেশের সৃষ্টি হলে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। একই সঙ্গে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
গতকাল রোববার (৮ নভেম্বর) বিকেলে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে এই র্যালি বের হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, র্যালিটি দাগনভূঞা সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট, নিউ সুলতান মার্কেট এবং জিরো পয়েন্টে পৌঁছালে পর পর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে কর্মসূচি শেষে নেতাকর্মীরা কলেজরোডের দিকে যাওয়ার সময়ও দফায় দফায় বিস্ফোরণ হয়। র্যালির আগে-পরে সব মিলিয়ে অর্ধশতাধিক ককটেল ফাটানো হয়েছে বলে জানান স্থানীয়রা।
এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে হেলমেট, মাস্ক ও বিশেষ পোশাক পরে লাঠি হাতে র্যালিটিকে ঘিরে রাখতে দেখা যায়। তাদের কাছে থাকা ব্যাগে সন্দেহজনক সামগ্রী ছিল এবং কয়েকজনের কাছে অস্ত্র দৃশ্যমান ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। তবে ককটেল বিস্ফোরণে কারা জড়িত, তা পুলিশ বা স্থানীয়রা নির্দিষ্ট করে বলতে পারেনি।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন সবুজ, সদস্য শাখাওয়াত হোসেন মামুন, হাসানুজ্জামান শাহাদাত, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা, নাসির উদ্দিন, জামাল উদ্দিন টিংকু, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিজাম উদ্দিন হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন এবং ছাত্রদল সভাপতি সামিমুল হক রাজিবসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, “বিএনপি একটি বড় দল, মনের অমিল থাকতে পারে, আমরা দলের স্বার্থে ঐক্যের ডাক দিয়েছি। দাগনভূঞার মাটিতে কোনও সন্ত্রাসীর স্থান হবে না।” বিএনপি বড় দল হওয়ায় অনেকে নেতৃত্বের অপেক্ষায় আছেন উল্লেখ করে তিনি সবাইকে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে কোনো ঐক্য হবে না বলেও সতর্ক করেন তিনি।
এই ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। জেলা বিএনপির সদস্য মাহবুল হক রিপন মন্তব্য করেন যে, সংহতি দিবসের কর্মসূচিতে এমন অনাকাঙ্ক্ষিত মহড়া সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে। জেলা বিএনপির আরেক সদস্য রফিকুল ইসলাম বলেন, “পুলিশের সামনেই শোভাযাত্রায় কিছু লোক হলুদ গেঞ্জি পরে ব্যাগভর্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। এ ঘটনায় আমরা শঙ্কিত ও আতঙ্কিত।”
এদিকে দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন অভিযোগ তুলে বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট, দালাল ও চাটুকারদের নিয়ে দাগনভূঞা বিএনপি চলতে পারে না। আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে মহড়া দেয়া হয়েছে। আমাকে গালি দেয়া হয়েছে। দাগনভূঞা থানার ওসির প্রত্যক্ষ মদদে এসব করা হয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, “শান্তিপূর্ণভাবে বিএনপির কর্মসূচি শেষ হয়েছে। ককটেল বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তার জানা নেই।” অবশ্য দুপুর থেকেই এলাকাটিতে উত্তেজনা বজায় থাকায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, দাগনভূঞা উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং বহিষ্কৃত ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে অন্তত অর্ধশতাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গত ২ সেপ্টেম্বর দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪৫ জন এবং আগের বছর ৫ আগস্টের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছিলেন।
পড়ুন : অপরিকল্পিত নগরায়ণ ও নদী-বায়ুদূষণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা
সা/


