ময়মনসিংহে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের ‘মহুয়া ম্যারাথন’

ময়মনসিংহে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের ৫ ফেব্রুয়ারি আয়োজিত এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘মহুয়া ম্যারাথন’। ঐতিহ্যবাহী মহুয়া মলুয়া পালা গানের ইতিহাসময় প্রাচীন জেলা ময়মনসিংহের ব্রান্ডিংয়ের লক্ষ্যে ‘ময়মনসিংহ ট্রাইএথলেটস’-এর উদ্যোগে এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এই ইভেন্ট বাস্তবায়িত হচ্ছে।

বিজ্ঞাপন

ম্যারাথনটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশি-বিদেশি ১ হাজার ২০ জন অ্যাথলেটের অংশগ্রহণে মোট ৬টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাধারণ অ্যাথলেটদের পাশাপাশি নারী, শিশু ও হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিযোগীরাও এতে আলাদাভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতার ইভেন্টগুলোকে বিভিন্ন দূরত্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টটি হবে ৪২ কিলোমিটার দীর্ঘ ফুল ম্যারাথন। এছাড়া ২১ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ কিলোমিটার ও নারীদের জন্য ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দূরত্বের ইভেন্ট রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকোনুজ্জামান সরকার জানান, তরুণ সমাজকে স্বাস্থ্যসচেতন করে তুলতে এবং মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি ময়মনসিংহ মহানগর ও জেলার ব্র্যান্ডিংয়ে ‘মহুয়া ম্যারাথন’ মাইলফলক হয়ে থাকবে। ময়মনসিংহকে একটি সুস্থ, সুন্দর ও আন্তর্জাতিক ক্রীড়া পর্যটনের নগরী হিসেবে গড়ে তুলতে নগর ভবনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

ময়মনসিংহ ট্রাইএথলেটসের সভাপতি ও ‘মহুয়া ম্যারাথন’-এর রেস ডিরেক্টর তুহিন তালুকদার জানান, মহুয়া ম্যারাথন একটি আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের সার্টিফাইড ইভেন্ট। মৈমনসিংহ গীতিকার প্রথম পালা ‘মহুয়া’র নামানুসারে এই ইভেন্টটির নামকরণ করা হয়েছে, যার মাধ্যমে বিশ্ববাসীর কাছে আঞ্চলিক লোকসাহিত্য ও ঐতিহ্যকে তুলে ধরা হবে। খুব শীঘ্রই আন্তর্জাতিক অ্যাথলেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ময়মনসিংহে এসে স্থানীয় আয়োজক ও সিটি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রুট নির্ধারণসহ প্রারম্ভিক ও গন্তব্য স্থান চূড়ান্ত করবেন।

আয়োজকরা আরও জানান, ম্যারাথনের পাশাপাশি তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে কীট কার্নিভাল, চিলড্রেন কার্নিভাল এবং ফোক কার্নিভাল। ফোক কার্নিভালে ‘মহুয়া-মলুয়া’র চিত্রনাট্য প্রদর্শনের বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতিযোগিতার শেষ দিনে ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হবে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি ৫০ ঊর্ধ্ব ভেটেরান অ্যাথলেটদেরও বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এছাড়া ‘মহুয়া ম্যারাথনে’ অংশ নিয়ে নির্ধারিত সময়ে দৌড় শেষ করা সব প্রতিযোগীর জন্য একটি করে মেডেল ও ফিনিশার সার্টিফিকেট প্রদান করা হবে।

পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন