চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে ১২ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—শাকপুরা এলাকার সুমন নাথ ও পশ্চিম শাকপুরা এলাকার হাসান মুরাদ। তাদের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া চরণদ্বীপ এলাকার মো. ইমনকে ৯০ দিন এবং পূর্ব গোমদণ্ডী সিও অফিস এলাকার শাহিনুর ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশের উপপরিদর্শক (এসআই) পিযুষ কান্তি দাসের নেতৃত্বে পুলিশের একটি দল শাকপুরা এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ৯ নভেম্বর বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


