নেই রাজউকের অনুমোদন তবুও নির্মাণ হচ্ছে ভবন, ব্যবস্থা নিতে গড়িমসি!

রাজধানীর মিরপুরে রাজউকের অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। কোথাও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে চলছে নির্মাণকাজ, আবার কোথাও মানা হচ্ছে না ভবন নির্মাণের নিরাপত্তাবিধি। এসব অনিয়মের অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ভবনগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাজউকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাগরিক টিভির অনুসন্ধানে মিরপুরের পালপাড়া ঘাট, তুরাগ সিটি ও লাভ রোড এলাকায় এমন কয়েকটি নির্মাণাধীন ভবনের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধানের শুরুতে পালপাড়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার ছাড়াই নির্মাণকাজ চলছে একটি ভবনে। এ সময় নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলীর কাছে ভবনটির রাজউকের অনুমোদন ও ছাড়পত্র রয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি কোনো তথ্য দিতে পারেননি। এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। তবে একাধিকবার চেষ্টা করেও মালিকপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এরপর মিরপুরের তুরাগ সিটিতে আরেকটি নির্মাণাধীন ভবনে গিয়ে স্থানীয়দের অভিযোগ পাওয়া যায়, কিছুদিন আগে রাজউক সেখানে অভিযান চালিয়ে ভবনের অননুমোদিত কিছু অংশ ভেঙে দেয়। তবে ভবনটির অনুমোদন ও অতিরিক্ত ডেভিয়েশন সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। এদিকে অভিযোগ রয়েছে, অভিযান পরিচালনার পরও সেখানে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

একই চিত্র দেখা গেছে মিরপুরের লাভ রোড এলাকায়। সেখানে একটি দোতলা ভবনের ওপর আরও কয়েক তলা নির্মাণের প্রস্তুতি চলছে। অভিযোগ রয়েছে, এ নির্মাণের জন্য প্রয়োজনীয় রাজউকের অনুমোদন বা ছাড়পত্র নেই। এ বিষয়ে ভবনসংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে গত ৮ অক্টোবর পালপাড়া ঘাট এলাকার একটি ভবনের বিরুদ্ধে রাজউকের অনুমোদিত নকশা ও বিধিমালা অমান্য করে নির্মাণকাজ চালানোর অভিযোগ এনে রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন স্থানীয় এক বাসিন্দা। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। এরই মধ্যে ভবনটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

অন্যদিকে তুরাগ সিটির ভবনটিতেও চলছে নির্মাণকাজ। ফলে রাজউকের অভিযান ও পরবর্তী তদারকি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

এসব অভিযোগের বিষয়ে রাজউকের ইমারত পরিদর্শক মো. আশিকের সঙ্গে কথা হলে তিনি লাভ রোডের নির্মাণাধীন ভবনটির বিষয়ে জানান, রাজউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তুরাগ সিটি ও পালপাড়া ঘাট এলাকার ভবন দুটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজউকের অথরাইজড অফিসার মাসুক আহমেদ।

নগর পরিকল্পনা ও ভবন নির্মাণবিধি উপেক্ষা করে এভাবে ভবন নির্মাণ শুধু নগর ব্যবস্থাপনাকেই ঝুঁকির মুখে ফেলছে না, বরং জননিরাপত্তার জন্যও তৈরি করছে বড় ধরনের আশঙ্কা। অন্যদিকে রাজধানীজুড়ে রাজউকের বিস্তৃত তদারকি কার্যক্রমের মধ্যেও কীভাবে এসব অনিয়ম চলমান থাকে, তা নিয়েও উঠছে প্রশ্ন।

নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে শুধু নোটিশ বা অভিযান নয়, প্রয়োজন নিয়মিত তদারকি ও দ্রুত কার্যকর ব্যবস্থা। অন্যথায় অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : অর্থের অপচয় এবং দুর্নীতির সাথে জড়িতদের ছাড় না দেওয়ার কঠোর অবস্থান সরকারের

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন