রাজারহাট স্পোর্টস একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে কুড়িগ্রামের রাজারহাট স্পোর্টস একাডেমির জন্য এক সেট নতুন জার্সি ও দুটি ফুটবল উপহার দিয়েছেন জাতীয় দৈনিক খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ।

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তার পক্ষে খেলোয়াড়দের হাতে উপহারসামগ্রী তুলে দেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি ও দৈনিক খোলা কাগজের রাজারহাট উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস (মাস্টার)। এ সময় আরো উপস্থিত ছিলেন— রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, ডিএসবি মোহিমিনুল ইসলাম, সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রেমী আতাউর রহমান কাজল, প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক ও ফুটবলার আসাদুর রহমান শিমু ও রাজারহাট স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা রেজাউল করিম রেজা।

আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের সন্তানরা এই স্পোর্টস একাডেমির হাত ধরে খেলার মাঠে রাজারহাট উপজেলাকে দেশজুড়ে তুলে ধরবে এবং আগামীতে জাতীয় পর্যায়ে খেলবে ইনশাআল্লাহ। রাজারহাটের তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে খোলা কাগজের প্রধান বার্তা সম্পাদক যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, তা প্রশংসনীয়। এ উদ্যোগের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। আমাদের উপজেলায় একমাত্র ক্রীড়া একাডেমি রাজারহাট স্পোর্টস। এই একাডেমি সুন্দরভাবে পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি সহযোগিতার প্রয়োজন। রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া গেলে অবশ্যই এখানথেকে দেশের নামকরা খেলার তৈরি করা সম্ভব হবে।

ডিএসবি কর্মকর্তা মো. মহিমিনুল ইসলাম বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। রাজারহাট স্পোর্টস একাডেমির খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য সফিকুল ইসলাম সবুজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সাবেক ফুটবলার আতাউর রহমান কাজল বলেন, একজন খেলোয়াড়ের ভালো পারফরম্যান্সের জন্য অনুশীলনের পাশাপাশি প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ আমার বন্ধু, আমরা একসঙ্গে ফুটবল খেলেছি। তার এই উদ্যোগ বন্ধু হিসেবে আজ আমাকে গর্বিত করেছে। অন্যদিকে রাজারহাট স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা রেজাও বন্ধু মানুষ, এখানে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে। নতুন জার্সি ও ফুটবল পেয়ে তারা আরও উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসক্লাব রাজারহাটের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শিমু বলেন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরিতে রাজারহাট স্পোর্টস একাডেমির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সমাজের ক্রীড়াপ্রেমী ও বিত্তবান ব্যক্তিদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।

এ সময় একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রীড়া সংগঠক মো. রেজাউল করিম রেজা বলেন, ২০২১ সালে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে রাজারহাট স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন, দাবা ও অ্যাথলেটিকসসহ ছয়টি ইভেন্টে প্রায় ১৫০ জন খেলোয়াড় এ একাডেমির সঙ্গে যুক্ত রয়েছে। ইতোমধ্যে এখানকার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জনের মাধ্যমে রাজারহাটের পরিচিতি তুলে ধরেছে।

রেজাউল করিম রেজা বলেন, সম্ভাবনাময় খেলোয়াড় থাকা সত্ত্বেও পর্যাপ্ত ক্রীড়াসামগ্রী, প্রশিক্ষণ উপকরণ ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে একাডেমির কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় সরঞ্জামের সংকটে নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তবে যথাযথ সুযোগ-সুবিধা ও সহযোগিতা পেলে এ একাডেমি থেকে জাতীয় পর্যায়ের আরও দক্ষ খেলোয়াড় তৈরি করা সম্ভব। তরুণদের মাঠমুখী করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি সমাজের ক্রীড়ামোদী, বিত্তবান ব্যক্তি, প্রবাসী, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে একাডেমির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক, একাডেমির খেলোয়াড়সহ স্থানীয় ক্রীড়ামোদী ও গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয় ক্রীড়ামোদীদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে রাজারহাট স্পোর্টস একাডেমি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনের পাশাপাশি এলাকার তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহরে সার বিতরণে অসন্তোষ, ৬১১ বস্তা সার ছিনিয়ে নিলো কৃষকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন