গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। বাসটি ময়মনসিংহ সদরের সজল মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটিও সজল মিয়ার মালিকানাধীন।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল বলে জানান স্থানীয় জামাল মিয়া।
এদিকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটিতে অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের অভিযোগ এবং পৃথক স্থানে একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত করে দেখছে।
পড়ুন : সিরাজগঞ্জে চালক হত্যা করে সিএনজি ছিনতাই, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড


