খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ টি সি হসপিটালের সামনে একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা জীপ গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা তার গাড়িতে আগুন দেয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে এসে তিনি গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। গাড়িটি চালিয়েই জীবিকা নির্বাহ করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ছিল এই জীপটি। গাড়িটি পুড়ে যাওয়ায় এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
গাড়ির মালিকের দাবি, আগুনে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুন লাগার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন:পাথরঘাটায় রাতের আঁধারে অজ্ঞাত স্থানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া ও মিলাদ, ভিডিও ভাইরাল
ইমি/


