ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ও কূটনৈতিক আলোচনা—দুই দিকেই চলছে নানা সমীকরণ। একদিকে যেকোনো সময় ইরানে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে যুদ্ধের অবসান ঘটাতে আন্তর্জাতিক পর্যায়ে জোরদার হচ্ছে কূটনৈতিক প্রচেষ্টা। এ পরিস্থিতিতে বরাবরের মতোই পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান উত্তেজনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন পরিস্থিতির অবসান ঘটাতে নতুন নির্দেশনা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, পেজেশকিয়ান বলেছেন, সর্বোচ্চ নেতা বর্তমান যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের এই যুদ্ধহীন-শান্তিহীন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ইরান নিজেদের মর্যাদা বজায় রেখে আলোচনায় বসতে প্রস্তুত। আলোচনার মাধ্যমে সম্মানজনকভাবে চলমান সমস্যার সমাধান করা সম্ভব বলেও মনে করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি আসায় তেহরানের মধ্যে উদ্বেগ রয়েছে।
ইরানকে ঘিরে নতুন করে সামরিক সংঘাত শুরুর বিরোধিতা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ বিষয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন।
এরদোয়ানের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এ জন্য সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।
তবে ট্রাম্পের বক্তব্যে আশ্বস্ত হতে পারছে না ইরান। দেশটির নেতারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এখনো পুরোপুরি শেষ হয়নি। কারণ, একদিকে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের সম্ভাবনা কম বলে মন্তব্য করছেন, অন্যদিকে ইরানের বিভিন্ন স্থানে সামরিক তৎপরতার খবর পাওয়া যাচ্ছে।
বিশেষ করে হরমুজ প্রণালির বিভিন্ন এলাকায় এবং কেশম দ্বীপের আশপাশে ইরানি লক্ষ্যবস্তুতে হামলার ঘটনাকে গুরুত্ব দিচ্ছে তেহরান। ইরানের নেতাদের কাছে এসব ঘটনাই যুক্তরাষ্ট্রের দেওয়া আশ্বাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরান যুদ্ধের অবসান ঘটাতে চীন ও রাশিয়ার সহায়তা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপিইসি) সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হতে পারে।
গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীন সফরে শি জিনপিং ও পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। তবে আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হবে ইরান যুদ্ধের অবসান ঘটানো।
এর আগে গত ২১ অক্টোবর ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিন নেতার মধ্যে প্রথমবারের মতো একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে। বাস্তবে এই বৈঠক অনুষ্ঠিত হলে ইরান সংকট সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় নতুন মাত্রা যুক্ত হতে পারে।
এদিকে ইরানের স্থল সরবরাহ পথগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা অনেক কমে যাবে।
তবে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে তেহরান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। একই সঙ্গে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের অবস্থান অনুযায়ী, সামরিক চাপের মুখে কোনো সমঝোতায় যেতে রাজি নয় দেশটি। বরং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চায় তেহরান।
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন।
গত সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের বড় পরাজয়ের পর এটিই ছিল কোনো বিদেশি নেতার সঙ্গে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক।
এর আগে নির্বাচনী প্রচারের সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচনে দলের পরাজয়ের পর ইরান যুদ্ধকে রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাবের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করছেন তিনি।
স্থানীয় সময় রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে পরিস্থিতি নির্ভর করছে তেহরান একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপর।
তিনি বলেন, ‘তারা একটি চুক্তিতে স্বাক্ষর করবে কি না, সেটির ওপর বিষয়টি নির্ভর করছে।’
তবে একই সাক্ষাৎকারে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উড়িয়ে দেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের ওপর কঠোর আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের রাজনৈতিক প্রভাব পর্যালোচনার কারণে শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ট্রাম্পের সাক্ষাৎকারের আগে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গত কয়েক দিন মধ্যস্থতাকারীদের তেমন কোনো কাজ ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল সবাইকে বিস্মিত করেছে।
আরাগচির মতে, নির্বাচনের ফলাফলের প্রভাব কাটিয়ে উঠতে ওয়াশিংটনের কত সময় প্রয়োজন, তা দেখার পরই পরবর্তী আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।
সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের আশঙ্কা এবং শান্তি আলোচনার সম্ভাবনা পাশাপাশি এগোচ্ছে। মোজতবা খামেনির নতুন নির্দেশনা, ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি, তুরস্কের কূটনৈতিক উদ্যোগ এবং চীন-রাশিয়ার সম্ভাব্য মধ্যস্থতা—সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে দুই দেশের মধ্যে কার্যকর সমঝোতা না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পড়ুন:ইরান যুদ্ধ ‘কার্যত শেষ’, দাবি ট্রাম্পের
ইমি/


