গাংনীতে মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহার বিষয়ে কৃষক প্রশিক্ষণ

মাটির স্বাস্থ্য সুরক্ষা, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং সারের অপচয় রোধে মাটি পরীক্ষার মাধ্যমে সুষম সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার যেমন ফসল ও মাটির জন্য ক্ষতিকর, তেমনি পরিমাণে কম সার প্রয়োগেও ফসলের পুষ্টির ঘাটতি দেখা দেয়। তাই মাটি পরীক্ষার ভিত্তিতে জমিতে সার প্রয়োগ করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণকক্ষে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।
ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার শনাক্তকরণ বিষয়ে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজা সুলতানার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, মাটি পরীক্ষা করে জমিতে প্রয়োজনীয় মাত্রায় রাসায়নিক সারের পাশাপাশি পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে। এতে গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বজায় থাকবে, উৎপাদন খরচ কমবে, ফসলের ফলন বাড়বে এবং পরিবেশদূষণ হ্রাস পাবে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করা হলে দেশে বছরে অন্তত ২০ হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব বলেও জানান তারা।
সভাপতির বক্তব্যে হাফিজা সুলতানা বলেন, ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে ফসল নির্বাচন এবং নির্ধারিত মাত্রায় সার প্রয়োগ করলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। একই সঙ্গে মৃত্তিকা সম্পদের সংরক্ষণ ও সারের অপচয় রোধ করা সম্ভব হবে। এ সময় তিনি আবাদি জমির উপরিভাগের উর্বর মাটি বিক্রি না করার বিষয়ে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণে জানানো হয়, দেশের ৬৪ জেলার ৬৪টি উপজেলায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের মাধ্যমে মাসব্যাপী ফসলি জমির মাটি পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ পরীক্ষাগার সরাসরি উপজেলায় গিয়ে কৃষকদের মাটির নমুনা পরীক্ষা করে সুষম সার সুপারিশ কার্ড প্রদান করে। প্রতিটি নমুনা পরীক্ষায় কৃষককে দিতে হয় মাত্র ২৫ টাকা, যার প্রকৃত ব্যয় ৪৪০ টাকা।
এ ছাড়া জানানো হয়, খুলনা বিভাগের জন্য নির্বাচিত ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার ‘রূপসা’ আগামী ১৬ থেকে ১৮ নভেম্বর গাংনী উপজেলায় অবস্থান করবে। এ সময় কৃষকরা তাঁদের জমির মাটির নমুনা পরীক্ষা করিয়ে সুষম সার ব্যবহারের সুপারিশ কার্ড সংগ্রহ করতে পারবেন। প্রতি বছর রবি ও খরিফ মৌসুমে কৃষকদের মাটি পরীক্ষা করে সার প্রয়োগে উৎসাহিত করতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন