জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারীকে বাংলাদেশে পাঠাতে পারেনি বিএসএফ। বর্তমানে ওই নারী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের ১০৭৬ নম্বর প্রধান সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। এ সময় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তাঁরা বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের বাধার মুখে ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
এদিকে ঘটনার পর থেকে বিজিবি ও বিএসএফের সদস্যরা সীমান্ত এলাকায় অবস্থান করছেন। ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, মঙ্গলবার সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
সা/


