বন্যায় সর্বস্বান্ত কৃষকদের টাকা পকেটে ভরলেন মদনের এক ইউপি সদস্য

রাজনৈতিক পটপরিবর্তন ৫ আগস্টের পর খোলস পাল্টে বিএনপি কর্মী বনে যাওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহর বিরুদ্ধে। স্থানীয় যুবলীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি ত্রাণ ও প্রণোদনায় হরিলুটের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বন্যায় সর্বস্বান্ত প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বাবা, ভাই, ভাবি, শ্যালক, শ্যালিকা ও ভাগ্নি জামাইসহ অন্তত ১৫ জন নিকটাত্মীয়ের নামে কৃষকদের প্রণোদনার অর্থ ও চাল আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে সাহস পান না। এমনকি মসজিদের ইমামকে হেনস্তা করার মতো ঘটনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর স্থানীয় রাজনৈতিক সমীকরণের সুযোগ নিয়ে আব্দুল্লাহ নিজেকে রাতারাতি বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন। অতীতে আওয়ামী লীগের আমলে যুবলীগের সক্রিয় রাজনীতির সুবাদে ইউনিয়ন পরিষদে দাপট দেখিয়ে মেম্বার নির্বাচিত হন তিনি। ৫ আগস্টের পর সেই দাপট আরও জোরালো হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, দলের ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

গত বোরো মৌসুমে অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে মদন উপজেলায় ব্যাপক ফসলহানি ঘটে। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার বিশেষ প্রণোদনা ঘোষণা করে। তিয়শ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রণোদনা বিতরণে ঘটেছে চরম অনিয়ম।

অনুসন্ধানে ও স্থানীয়দের দেওয়া তথ্যে জানা গেছে, প্রণোদনা পাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাটিতে ইউপি সদস্য আব্দুল্লাহ নিজের নাম তো বটেই, তার পরিবারের প্রায় পুরো তালিকাভুক্ত করে নেন।

প্রণোদনার তালিকার গরমিলগুলোর মধ্যে রয়েছে- তালিকা নম্বর ২৫০: ইউপি সদস্য আব্দুল্লাহ নিজেই। তালিকা নম্বর ২৫৭: তার বাবা আজির উদ্দিন। তালিকা নম্বর ২১৭ ও ২৫৪: আপন মেঝ ভাই ও বড় ভাই আ. মন্নাফ। তালিকা নম্বর ২৫৫ ও ২৯৬: বড় ভাইয়ের স্ত্রী বিউটি আক্তার ও আরেক ভাইয়ের স্ত্রী হাফসা আক্তার। তালিকা নম্বর ২৫৮ ও ২৯৩: শ্যালক এনামুল হক ও শ্যালিকা আইরিন আক্তার। তালিকা নম্বর ২৯৪ ও ২৪৫: ভায়রা ভাই সানোয়ার হোসেন ও ভাগ্নি জামাই হোসেন মিয়া। তালিকা নম্বর ২০৭ ও ২৬১: আপন চাচাতো ভাই জামাল হোসেনের নাম দুবার ব্যবহার করা হয়েছে। তালিকা নম্বর ২৯৫: ‘নুপুর’ নামে সম্পূর্ণ ভুয়া নাম ঢুকিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত বন্যায় আমাদের জমির সব সোনালী ফসল নষ্ট হয়ে গেছে। আমরা ঘরে এক মুঠো ভাত তোলার মতো পরিস্থিতিতে ছিলাম না। অথচ মেম্বার আমাদের নাম তালিকায় তোলেননি। যারা জীবনে কখনো একমুঠো ধান ফলায়নি বা যাদের কোনো কৃষিজমি নেই, প্রণোদনার তালিকায় তাদের নাম রয়েছে।”

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, শুধু প্রণোদনার টাকাই নয়, চাল বিতরণেও ব্যাপক কারচুপি করেছেন এই ইউপি সদস্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল্লাহ সমস্ত অভিযোগ স্থানীয় সাংবাদকিদের কাছে অস্বীকার করে বলেন, “এসব নাম কীভাবে তালিকায় যুক্ত হয়েছে এবং এর অর্থ কারা উত্তোলন করেছে, সে বিষয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদের বলেন, “বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। প্রণোদনার তালিকায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিধিগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহলের দাবি, প্রকৃত কৃষকদের অধিকার রক্ষায় এবং সরকারি সহায়তার সঠিক সুফল নিশ্চিত করতে দ্রুত এ ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

পড়ুন : দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন